চিলিতে ভূমিকম্প সুনামির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় ১০ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সুনামির সতর্কবার্তায় বলা হয়েছে, তা জাপান পর্যন্ত পৌঁছাতে পারে। খবর এএফপি ও বিবিসির।

গত বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিলির রাজধানী সান্তিয়াগোর ২৩২ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিম সাগরে। উৎপত্তিস্থলের কাছের প্রদেশ সেন্ত্রাল চোয়াপাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে।

চিলি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনজন মারা যায়। দুজন মারা যায় নির্মাণাধীন বাড়ির ছাদ ধসে।

ভূমিকম্পের কারণে চিলির উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ওই এলাকায় অন্তত ১ লাখ ৩৫ হাজার পরিবার বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিলির জাতীয় দুর্যোগ কার্যালয়ের কর্মকর্তারা। বন্দর শহর কোকুইম্বো ও ভালপারাইসো এলাকার রাস্তাঘাটে পানি উঠে গেছে।

ভূমিকম্পের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর ইলাপেল। সেখানে অনেকে বাড়িঘর ধসে গেছে। শ খানেক মানুষ আহত হয়েছে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। সান্তিয়াগোর বাসিন্দা জেনেত ম্যাত বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রথমে ধীরে ধীরে শুরু হয় কম্পন। আমরা ভবনের ১৩ তলায় ছিলাম। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। কারণ, ওই কম্পন কমছিল না। প্রথমে এপাশ থেকে ওপাশ সরে যাচ্ছিলাম। পরে একেবারে লাফানোর মতো অবস্থা হলো।’

চিলির উপস্বরাষ্ট্রমন্ত্রী মামুদ অ্যালেই বলেছেন, ভূতাত্ত্বিক অবস্থানগত দিক দিয়ে ভূমিকম্পপ্রবণ চিলির ইতিহাসে এটি ষষ্ঠ বৃহৎ ভূমিকম্প। আর এ বছরে বিশ্বে এ যাবৎ হওয়া ভূমিকম্পের মধ্যে বুধবারের ভূমিকম্প ছিল সবচেয় বড়।