চিলিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলিতে আজ রোববার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সড়কটি ধসে যায়। ছবি: রয়টার্স
চিলিতে আজ রোববার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সড়কটি ধসে যায়। ছবি: রয়টার্স

চিলিতে আজ রোববার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পপ্রবণ লাতিন আমেরিকার ওই দেশটির দক্ষিণ উপকূলে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিলির পুয়ের্তো কোয়েলন শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৫ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হোনোলুলুতে অবস্থিত দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এক বুলেটিনে জানিয়েছে, ‘কিছু কিছু উপকূলে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।’ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের এক হাজার কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। চিলির নৌবাহিনীও একই সতর্কতা জারি করেছে।