চিলিতে ভূমিকম্পে নিহত ৫

চিলিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। ভূমিকম্পের পর চিলি, পেরু, হাওয়াই এবং ক্যালিফোর্নিয়া ও নিউজিল্যান্ডের অংশবিশেষে সুনামির সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকার লাখো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৮ দশমিক ৩। স্থানীয় সময় গতকাল বুধবার রাত আটটার দিকে আঘাত হানা ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী সান্তিয়াগো থেকে ২৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পে সান্তিয়াগোর ভবনগুলো কেঁপে ওঠে। ভয়ে অনেকেই ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। ইলাপেল শহর ও বন্দর নগর ভালপারাইসোতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অন্য শহরেও আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় কোকুয়েমবো অঞ্চলে প্রায় ১৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে।
প্রথম ভূমিকম্পের পরে কয়েক দফা ‘আফটার শক’ হয়েছে। ভূমিকম্পে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে একজন।
ভূমিকম্পের পর প্যাসেফিক সুনামি সেন্টার সুনামির সতর্কতা জারি করে। এর পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকা থেকে লাখো অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।