চুক্তি অনুমোদন
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তিচুক্তি গত শুক্রবার সর্বসম্মতভাবে অনুমোদন করলেন বামপন্থী ফার্ক বিদ্রোহীরা। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি হিসেবে সম্প্রতি দীর্ঘ পাঁচ দশকব্যাপী সশস্ত্র লড়াই অবসানের ঘোষণা দিয়েছে সংগঠনটি। কিউবার রাজধানী হাভানায় প্রায় চার বছরের আলোচনার পর কলম্বিয়া সরকার ও ফার্ক বা রেভল্যুশনারি আর্মড ফোর্স অব কলম্বিয়ার মধ্যে গত মাসে শান্তিচুক্তির ব্যাপারে মতৈক্য হয়। চুক্তি অনুযায়ী, ফার্ক ২০২৬ সাল পর্যন্ত দেশটির কংগ্রেসে ১০টি সংরক্ষিত আসন পাবে। চুক্তিটির পর্যালোচনা ও শান্তিকালীন দলের পুনর্গঠন বিষয়ে আলোচনার জন্য ফার্কের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় ইয়ারি প্লেইনসে শুক্রবার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে জড়ো হন ফার্কের সারা দেশের শাখাগুলোর প্রায় ২০০ প্রতিনিধি। কংগ্রেসে ফার্ক যোদ্ধাদের উদ্দেশে বিদ্রোহী নেতা রদ্রিগো লনদোনো বলেন, ‘শান্তিই সবচেয়ে চমৎকার বিজয়।’