চের সঙ্গে কাস্ত্রোর প্রতীকী পুনর্মিলন

কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম আজ বৃহস্পতিবার সান্তা ক্লারায় নেওয়া হয়েছে। তাঁর সহযোগী বন্ধু অপর বিপ্লবী নেতা চে গুয়েভারার সঙ্গে প্রতীকী পুনর্মিলনের উদ্দেশে কাস্ত্রোর ভস্ম সেখানে নেওয়া হয়। স্নায়ুযুদ্ধের সময়কার এই বিপ্লবীর কিউবাজুড়ে শেষ সফরের প্রথম বিরতি সেখানে।
এএফপির খবরে জানানো হয়, গত শুক্রবার রাতে হাভানায় ৯০ বছর বয়সে মারা যান কিউবান বিপ্লবের এই নেতা। পরদিন শনিবার ফিদেলকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী দাহ করা হয়। তাঁর মৃত্যুতে কিউবায় নয় দিনের শোক ঘোষণা করা হয়। এর মধ্যে আজ পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে।
কিউবার রাজধানী হাভানায় দুদিন ধরে শ্রদ্ধা জানানোর পর গতকাল বুধবার সকালে একটি সামরিক যানে করে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম নেওয়া হয়। ভস্ম বহনকারী গাড়ি আগামী চার দিন দেশজুড়ে ঘুরবে। জিপটি যাত্রার সময় কিউবার লাখো জনতা পতাকা হাতে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানায়। জিপটি যাত্রার সময় জনগণ চিৎকার করে বলতে থাকে, ‘আমিই ফিদেল!’ ১৯৫৯ সালে কাস্ত্রোর গেরিলা বাহিনী যুক্তরাষ্ট্র-সমর্থিত কিউবার স্বৈরশাসক ফালজেন্সিও বাতিস্তাকে উৎখাত করার পর বিজয় র্যালিতে এই স্লোগান দেওয়া হতো। সেটিকে স্মরণ করেই স্লোগানটি দিতে থাকে সড়কের পাশে দাঁড়ানো জনগণ।