জনসভা মঞ্চে বিরোধী দলের নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির আঞ্চলিক নেতা লুইজ ম্যানুয়েল দিয়াজকে আজ বৃহস্পতিবার জনসমাবেশের মঞ্চে গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী দল এই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টিকে (পিএসইউভি) দায়ী করছে। তবে এ ব্যাপারে পিএসইউভি কোনো মন্তব্য করেনি। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

দেশটির পার্লামেন্ট নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে ওই নেতাকে গুলি করে হত্যা করা হলো।
ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির পক্ষ থেকে জানানো হয়, লুইজ ম্যানুয়েল গুয়ারিকো রাজ্যে আলতাগ্রাসিয়া ডি ওরিতাকো আরিটাকো শহরে এক জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে অবস্থানকালেই দুর্বৃত্তরা গাড়িতে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির মহাসচিব হেনরি রামোস অ্যালাপ জানান, লুইজ ম্যানুয়েলকে গুলি করার সময় কারারুদ্ধ আরেক বিরোধী দলের নেতা লিওপোলদো লোপেজের স্ত্রী লিলিয়ান তিনতরিও ওই সময় মঞ্চে ছিলেন। হেনরি রামোস অভিযোগ করেন, ক্ষমতাসীন পিএসইউভির সশস্ত্র চক্রের দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর দল পিএসইউভি এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগামী ৬ ডিসেম্বর ভেনেজুয়েলায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।