জন্মান্ধ হয়েও সেরা 'পাখি পর্যবেক্ষক'

চোখের সামনে রং-বেরঙের পাখি দেখেও অনেক সময় সেই পাখিকে শনাক্ত করতে ভুল হয়ে যায়। কিন্তু পাখি শনাক্ত করতে একরত্তিও ভুল হয় না ব্রাজিলে বসবাসকারী উরুগুয়ের নাগরিক হুয়ান পাবলো কুলাসোর। অথচ ২৯ বছর বয়সী এই হুয়ান একজন জন্মান্ধ ব্যক্তি। জন্মান্ধ হয়েও অনায়াসে তিনি নির্ভুলভাবে পাখিদের শনাক্ত করতে পারেন।
শুধু তাই নয়, বিবিসি অনলাইনের ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়ান পাবলো কুলাসো জন্মান্ধ হলেও তিনি এখন দক্ষিণ আমেরিকার সেরা ‘পাখি পর্যবেক্ষক’দের একজন।
প্রতিবেদনে বলা হয়েছে, হুয়ানের বাবা ছোটবেলা থেকেই তাঁকে পিয়ানোতে পাখিদের সুর বাজিয়ে শোনাতেন। এরপর বিভিন্ন জাদুঘরে নিয়ে গিয়ে তাঁকে পাখিদের পালকের অনুভূতি বুঝিয়ে দিতেন। সেই থেকেই পাখিদের শনাক্ত করতে আগ্রহী হয়ে ওঠেন হুয়ান। বর্তমানে তিনি ব্রাজিলে নিয়মিত বসবাস করছেন। সেখানেই তিনি প্রাকৃতিক শব্দ রেকর্ডের (সাউন্ড রেকর্ডিস্ট) কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাখিদের সুর স্মৃতিতে ধরে রাখার এই ক্ষমতার কারণেই ২০১৪ সালে হুয়ান পাবলো কুলাসো কন্টিনেন্ট-ওয়াইড টিভি কনটেস্টে জয়লাভ করেন।