জন্মান্ধ 'পাখি-মানব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জীবনে কখনো পাখি দেখেননি। তবু আওয়াজ শুনেই অবলীলায় বলে দিতে পারেন সেটা কোন পাখির ডাক। এভাবে তিন হাজারের বেশি পাখি চিনতে পারেন তিনি। আর ডাক শুনে শুনে শনাক্ত করতে পারেন ৭২০টির বেশি পাখি প্রজাতি।
বিরল সামর্থ্যের অধিকারী এই জন্মান্ধ ব্যক্তির নাম হুয়ান পাবলো কুলাসো। জানালেন, শৈশবেই নিজের প্রখর শ্রবণশক্তি টের পান। নদীতে পাথর ছুড়ে বাবাকে ঠিকঠাক বলে দিতেন, ঠিক কখন সেটি পানিতে গিয়ে পড়ছে।
২৯ বছর বয়সী হুয়ান উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর বাসিন্দা। প্রতি ১০ হাজার মানুষের একজন তাঁর মতো তীক্ষ্ণ শ্রবণশক্তির অধিকারী হয়ে থাকেন। কিংবদন্তি সুরস্রষ্টা মোৎজার্ট ছিলেন এমনই একজন।
হুয়ান পাবলো কুলাসো বললেন, ছেলেবেলায় বাবা তাঁকে এনসাইক্লোপিডিয়া পড়ে বিভিন্ন পাখির বর্ণনা দিতেন। সেই সঙ্গে
অডিও ক্যাসেট বাজিয়ে শোনাতেন নানা রকম পাখির ডাক।
হুয়ান তখনই বুঝতে পারলেন, পাখির ডাক শুনলেই মনে থাকে তাঁর। কৈশোরে একজন পাখিবিশারদের সঙ্গে শিক্ষা সফরে যোগ দেন। তিনি পাখির প্রতি হুয়ানের ভালোবাসা দেখে একটি রেকর্ডার উপহার দিলেন। সেই থেকে তিনি রেকর্ড করছেন পাখির ডাক থেকে শুরু করে প্রকৃতির নানা রকমের আওয়াজ। এ কাজই এখন তাঁর নেশা।

পাখি চেনার এই অসাধারণ সামর্থ্যের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে ন্যাট জিও টিভির শীর্ষ পুরস্কার ৪৫ হাজার মার্কিন ডলার অর্জন করেন হুয়ান। সেই অর্থ খরচ করে কিনেছেন শব্দ সংগ্রহ ও ধারণের যন্ত্রপাতি। ব্রাজিলে গিয়ে জৈব শব্দবিদ্যা ও প্রাকৃতিক ধ্বনিবিজ্ঞান বিষয়ে এক দশকের বেশি সময় পড়াশোনা করে এসেছেন।

উরুগুয়ের রেপুবলিকা ইউনিভার্সিটির ধ্বনিবিদ্যা বিভাগের প্রধান আলিসিয়া মুনিওর মতে, শব্দের তীক্ষ্ণতা ঠিকঠাক টের পাওয়ার সামর্থ্য একেকজনের একেক রকম। এটা মানুষের কানের চেয়ে মস্তিষ্কের ওপরই বেশি নির্ভর করে। এমন নয় যে কেউ একজন অন্যদের চেয়ে বেশি শুনতে পায়।

হুয়ান অন্ধ হলেও দিন-রাতের আলোর ব্যবধান টের পান। ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে বাইসাইকেল চালিয়েছেন। অন্যদের সাইকেলের আওয়াজ শুনে তাদের পিছু পিছু এগিয়ে যেতেন। সম্প্রতি তিনি ঘোড়ার পিঠেও চড়েছেন। অদম্য এই তরুণ বললেন, বেশির ভাগ অন্ধ ব্যক্তি নিজেদের সীমাবদ্ধ করে রাখেন। স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গার বাইরে যেতে চান না। কিন্তু তিনি সব সময়ই ব্যতিক্রমী ছিলেন।