জিকা ভাইরাসের বিস্তার, 'জরুরি দল' করেছে ডব্লিউএইচও
জিকা ভাইরাসের কারণে ব্রাজিলে হাজার হাজার শিশু ছোট আকৃতির মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করছে। জিকা ভাইরাসের এই ব্যাপক বিস্তারের কারণে ‘জরুরি দল’ গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, ৩০ থেকে ৪০ লাখ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে জিকা ভাইরাসে আক্রান্তদের কোনো উপসর্গ দেখা দিচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেছেন, জিকা ভাইরাস সাধারণ হুমকি থেকে ভয়াবহ আকার ধারণ করেছে এবং এটা হৃদয় বিদারক। বিশেষ ওই জরুরি দল আগামী সোমবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। ওই সাক্ষাতে জিকার কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইবোলা ভাইরাসের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।
চ্যান বলেন, ‘এ বিষয়ে আমাদের উদ্বেগ, অনিশ্চয়তা ও প্রশ্ন অনেক বেশি। আমাদের দ্রুত কিছু উত্তর জানা প্রয়োজন। এসব কারণে আমি একটি জরুরি দল গঠনের আহ্বান করেছি। আমি ওই দলের কাছে আন্তর্জাতিক উদ্বেগের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে পরামর্শ চেয়েছি।’