জিকা মোকাবিলায় ব্রাজিলে সেনা মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে জিকা ভাইরাসের ভয়াবহতা ও এর ঝুঁকির ব্যাপারে জনসচেতনতা বাড়াতে দুই লাখ ২২ হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এই সেনা সদস্যরা মশার মাধ্যমে ছড়ানো জিকা ভাইরাসের ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়াতে ৪০ লাখ প্রচারপত্র জনসাধারণের মাঝে বিতরণ করবেন।
ব্রাজিল জিকা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। এই ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সন্তানেরা ছোট এবং অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নেওয়ার আশঙ্কা রয়েছে।
ব্রাজিলে ইতিমধ্যে জিকা ভাইরাসে আক্রান্ত ৪৬২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও তিন হাজার ৮৫২জন সম্ভাব্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।