জিকার টিকা তৈরির আপ্রাণ চেষ্টা

ব্রাজিলের সাও পাওলো শহরের বুতানতান ইনস্টিটিউটের খ্যাতি বিশ্বজুড়ে। সাপ, মাকড়সা ও গা-ছমছম করা অন্যান্য প্রাণী আর কীটপতঙ্গের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে এখানে। বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় ওষুধ ও রোগপ্রতিষেধক সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠানটি।
এ সপ্তাহে বুতানতান ইনস্টিটিউটের গবেষণাগারগুলো পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রাণরসায়নবিদেরা ডিপথেরিয়ার প্রতিষেধক নিয়ে কাজ করছেন। তবে এখন উত্তর ও দক্ষিণ আমেরিকায় নতুন বিপদ জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে থাকায় প্রতিষ্ঠানটি কাজের অগ্রাধিকারে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ঘামঝরানো চেষ্টা করছে এর টিকা তৈরিতে।
জিকা ভাইরাসে আক্রান্ত হলে ডেঙ্গুর মতো লক্ষণ দেখা দেয়। দিনের বেলায় এডিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। ডেঙ্গুর মতো এ রোগটি প্রাণঘাতী নয়। এরপরও জিকা নিয়ে উদ্বেগ ও জারি করা সতর্কতা অযৌক্তিক নয় বলে মনে করেন বুতানতান ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্ডার প্রিসিওসো। তিনি বলেন, ‘ব্রাজিলের এক বড় সংখ্যক জনগোষ্ঠী জিকা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। সামনে হয়তো অনেককেই এ ভাইরাসে আক্রান্ত হতে দেখতে চলেছি আমরা। এটি ঠেকাতে এর প্রতিষেধক উদ্ভাবন খুবই জরুরি হয়ে উঠেছে।’
তবে এই জ্যেষ্ঠ চিকিৎসক সতর্ক করে দেন, আমেরিকা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকা এই সংকটের আশু সমাধান কারও আশা করা ঠিক হবে না। গবেষকেরা বলছেন, প্রাণান্তকর চেষ্টার পরও এ ভাইরাসের টিকা আবিষ্কারে লাগতে পারে অন্তত ১০টি বছর।
ব্রাজিলে সম্প্রতি অস্বাভাবিক ছোট আকৃতির মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বেড়ে গেছে। এ সমস্যাটিকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় মাইক্রোসেফালি। এর সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হলেও তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
বুতানতানের পরিচালক আলেক্সান্ডার প্রিসিওসো বলছেন, ‘জিকা ভাইরাস ও মাইক্রোসেফালির মধ্যে কী সম্পর্ক, তা সঠিকভাবে নির্ণয় করতে পারলেই একটা বড় কাজ হবে। এতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এ রোগের প্রতিষেধক বা চিকিৎসা সহজলভ্য হবে কি না, তা বোঝা যাবে। আর চিকিৎসক ও গবেষকদের এ নিয়ে এখনো ঘোর অন্ধকারে থাকার বিষয়টি তিনিও স্বীকার করেন। সূত্র: বিবিসি