জিহাদিরা পশ্চিমাদের তৈরি দানব: মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবার ভাষণ দিয়েছেন। দেশটির প্রয়াত নেতা হুগো চাভেজের মতো সেখানে তিনি পশ্চিমাদের কড়া সমালোচনা করেন। ছবিটি জাতিসংঘের নিউজ সেন্টারের সৌজন্যে পাওয়া।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবার ভাষণ দিয়েছেন। দেশটির প্রয়াত নেতা হুগো চাভেজের মতো সেখানে তিনি পশ্চিমাদের কড়া সমালোচনা করেন। ছবিটি জাতিসংঘের নিউজ সেন্টারের সৌজন্যে পাওয়া।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পশ্চিমাদের একহাত নিয়েছেন। জিহাদিদের পশ্চিমা ‘দানব’ (ফ্রাঙ্কেনস্টাইন) বলে আখ্যায়িত করেছেন তিনি। 
আজ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন ভেনেজুয়েলার এই নেতা। জাতিসংঘের সাধারণ পরিষদে এটাই মাদুরোর প্রথম ভাষণ। 
মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের সংকট তৈরিতে পশ্চিমাদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন প্রয়াত হুগো চাভেজের এই উত্তরসূরি। তিনি বলেন, এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট আঞ্চলিক সরকারগুলোকে যুক্ত করতে হবে।
মাদুরো উল্লেখ করেন, বিশ্বের সবচেয়ে বড় হুমকি ইবোলা ভাইরাস। অথচ পশ্চিমা শক্তিগুলো ইরাক ও সিরিয়ার মানুষের ওপর বোমা ফেলতে ব্যস্ত। 
চাভেজের মতো পশ্চিমাদের কড়া সমালোচক মাদুরো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজনীয়তার ব্যাপারে একমত পোষণ করেন। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের প্রতি পশ্চিমা সমর্থনের সমালোচনা করেন। 
মাদুরো বলেন, ‘এই দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি জোট এবং দেশগুলোর সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীর সহায়তা সত্যিকার অর্থে ইসলামিক সন্ত্রাসবাদ তথা পশ্চিমাদের লালনপালনে দানব হয়ে ওঠা সব সন্ত্রাসীদের পরাজিত করবে।’