জ্বালানি-সংকট মোকাবিলায় সপ্তাহে দুদিন কাজের নির্দেশ
তীব্র জ্বালানি–সংকট মোকাবিলায় ভেনেজুয়েলায় সরকারি চাকরিজীবীদের সপ্তাহে মাত্র দুদিন কাজ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট অ্যারিস্তোবুলো ইস্তুরিজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারি চাকরিজীবীদের জ্বালানি–সংকট কাটিয়ে ওঠার আগ পর্যন্ত সপ্তাহে শুধু সোমবার ও মঙ্গলবার কাজ করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।
ভেনেজুয়েলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২০ লাখ কর্মচারী রয়েছেন। ভেনেজুয়েলায় এখন তীব্র খরা চলছে। এ কারণে দেশটির জলবিদ্যুৎ বাঁধে পানির স্তর ভয়াবহ মাত্রায় কমে গেছে। তবে দেশটির বিরোধী দল এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি প্রতিষ্ঠানে কোনো কাজ হবে না। তবে বিশেষ জরুরি কোনো দরকার হলে কাজ চলবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ইতিমধ্যে দেশটির ২৮ লাখ সরকারি চাকরিজীবীকে এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ সংরক্ষণে শুক্রবারে কাজ বন্ধ রাখতে বলেছেন। তিনি বলেছেন, ‘বৃষ্টি না হওয়া পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না। আমরা এই সংকট উত্তরণে আন্তর্জাতিক সাহায্য, কারিগরি ও অর্থনৈতিক সহায়তার জন্য অনুরোধ করছি। আমরা এ অবস্থা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছি এবং বৃষ্টির জন্য অপেক্ষা করছি।’