ট্রাম্পের জন্য কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউল কাস্ত্রো
রাউল কাস্ত্রো

কিউবার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান দুই দেশের সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। দীর্ঘদিন পর ওয়াশিংটনে কিউবার দূতাবাস পুনরায় চালুর দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র-কিউবা দীর্ঘ কয়েক দশকের দূরত্ব ঘুচিয়ে পর্যায়ক্রমে ২০১৫ সালে দ্বিপক্ষীয় সম্পর্ক চালু করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে বিপরীতমুখী নীতি গ্রহণ করেছেন। তাঁর এমন অবস্থানের সমালোচনা করেন রাউল কাস্ত্রো। টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন ঘোষণা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির ইঙ্গিত দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত ‘লিটল হাভানায়’ কাস্ত্রোবিরোধী কর্মীদের এক সমাবেশে গত মাসে ট্রাম্প কিউবা সফরকারী মার্কিন নাগরিকদের জন্য নিয়মকানুন কঠোর করাসহ বিভিন্ন বিধিনিষেধের ঘোষণা দেন। এসবের মধ্যে ছিল কিউবার ওপর চলমান মার্কিন বাণিজ্য অবরোধ বহাল রাখা এবং কিউবার সামরিক বাহিনী পরিচালিত একটি পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করা। ট্রাম্প কিউবার কর্তৃপক্ষকে ‘নিষ্ঠুর ও বর্বর’ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইচ্ছা জানান।

কিউবার সরকার ট্রাম্পের ওই আক্রমণাত্মক ঘোষণার জবাব দেওয়ার ব্যাপারে সংযত ছিল। তারা কঠোর নীতি প্রত্যাখ্যান করে ‘মর্যাদাপূর্ণ সমঝোতার’ আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা জানিয়েছে। 

দ্বীপ রাষ্ট্র কমিউনিস্ট কিউবার ওপর যুক্তরাষ্ট্র ১৯৬২ সাল থেকে বাণিজ্য অবরোধ দিয়ে রেখেছে। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেন, অবরোধ আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হলে ‘তা স্নায়ুযুদ্ধের সময়কার পুরোনো ও শত্রুতাপূর্ণ বাগাড়ম্বর’ আবার জাগিয়ে তুলবে।

কিউবার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার সমালোচনা করে কাস্ত্রো বলেন, কিউবার গর্ব করার মতো অনেক কিছু আছে এবং তাদের যুক্তরাষ্ট্র বা অন্য কারও কাছ থেকে শিখতে হবে না।

৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো আগামী ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের পদ ছাড়বেন। তিনি কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা প্রয়াত ফিদেল কাস্ত্রোর ছোট ভাই।