বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করে বলেছে, দুই আমেরিকা মহাদেশে ৩০ থেকে ৪০ লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে। বিশ্ব সংস্থাটি বলছে, ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে এবং এই আশঙ্কায় ‘জরুরি দল’ গঠন করা হচ্ছে। খবর বিবিসি ও এএফপির।
এর আগেই লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া জিকা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন একদল মার্কিন চিকিৎসাবিজ্ঞানী।
ডব্লিউএইচওর আমেরিকা মহাদেশ অঞ্চলের সংক্রামক রোগ এবং স্বাস্থ্য বিশ্লেষক-বিষয়ক প্রধান মার্কোস এসপিনাল গতকাল জেনেভায় বলেন, ‘জিকা ভাইরাসজনিত রোগে ৩০ থেকে ৪০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে আমরা মনে করছি।’
সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, একটি সাধারণ হুমকি থেকে জিকা ভাইরাস এখন অন্যতম প্রধান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ডব্লিউএইচওর জরুরি দলটি আগামী সোমবার বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জিকা ভাইরাস নিয়ে বৈশ্বিক ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ জারি করা হবে কি না। সর্বশেষ ইবোলা নিয়ে ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ জারি করা হয়েছিল।
জিকা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর ও গায়ে র্যাশ ওঠার মতো কিছু সাধারণ উপসর্গ দেখা দেয়। কয়েক দিনেই তা সেরে যেতে পারে। তবে গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে নবজাতকের মধ্যে জন্মগত ত্রুটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নবজাতক শিশুর মাথার আকার সংকুচিত হওয়ার সঙ্গে সম্ভাব্য সম্পর্কের কারণে এ ভাইরাস উদ্বেগ সৃষ্টি করেছে। ছোট মাথা নিয়ে জন্ম নেওয়ার সংখ্যা ব্রাজিলে হঠাৎ করে বেড়ে গেছে। জিকা ভাইরাস এর জন্য দায়ী কি না, তা এখনো শতভাগ নিশ্চিত নয়।
জিকা ভাইরাস প্রথম ১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় ছড়ায়। তবে তা কখনোই মহামারি আকারে ছড়ায়নি। এবার নতুন করে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে গত বছরের মে মাসে এই ভাইরাস শনাক্ত হয়। এডিস মশার কারণে ছড়ানো এই ভাইরাস ইতিমধ্যে ব্রাজিল এবং এর আশপাশের ২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
এর আগে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাময়িকীতে প্রকাশিত বক্তব্যে মার্কিন বিজ্ঞানীরা অভিমত দেন, ইবোলার দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিকা ভাইরাসের বিষয়ে সাবধান হতে হবে। এ জন্য রোগবিশেষজ্ঞদের জরুরি সভা আহ্বান করা দরকার। তাঁরা বলেন, দুই বছরের মধ্যে হয়তো জিকার টিকা পরীক্ষার জন্য প্রস্তুত হবে। তবে জনগণের দোরগোড়ায় তা পৌঁছাতে লেগে যেতে পারে পুরো এক দশক।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এ ভাইরাস মোকাবিলায় লাতিন আমেরিকার দেশগুলোকে এক জোট হওয়ার আহ্বান জানিয়েছেন। এ জন্য আগামী সপ্তাহে আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রীদের একটি সভা আহ্বান করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে গবেষণাসহ প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন।