ড্যানিশ পর্যটকের শরীরে জিকা ভাইরাস
মেক্সিকো ও ব্রাজিল সফর করা ডেনমার্কের এক পর্যটক মশাবাহিত জিকা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ওই পর্যটক দ্রুতই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স ও এএফপির।
ইউরোপের মধ্যে এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের তিন অধিবাসীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। নেদারল্যান্ডসও এ ভাইরাসে ১০ জনের সংক্রমণের কথা নিশ্চিত করেছে। তাঁরা সবাই দক্ষিণ আমেরিকা ভ্রমণ করে দেশে ফিরেছিলেন।
গত মঙ্গলবার রাতে ডেনমার্কের পূর্বাঞ্চলের এরহুস বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে সে দেশের এক পর্যটকের জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানায়। ওই হাসপাতালের অধ্যাপক ও চিকিৎসক লার্স অস্টেগো বলেন, মধ্য-কুড়ির একজন পুরুষ জ্বর, মাথা ও পেশিতে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তাঁর অবস্থা ভালো, সেরে উঠছেন।
জিকা ভাইরাস বহনকারী এডিস মশার বংশবিস্তারের জন্য ডেনমার্কের মতো শীতপ্রধান দেশগুলো উপযোগী না হওয়ায় সেসব দেশের জন্য এটি হুমকি নয় বলে মনে করা হচ্ছে।