তিন দ্বীপে কার্যালয় বন্ধ করছে মোসাক ফনসেকা
পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে জড়িত আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ব্রিটিশশাসিত তিনটি ছোট দ্বীপে তাদের কার্যালয় বন্ধ করে দিচ্ছে। কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে জার্সি, জিব্রালটার এবং আইল অব ম্যান অঞ্চলের কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘অতি পরিতাপের’ সঙ্গে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
মোসাক ফনসেকার পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ‘সেবাকাঠামো আরও সুসংহত করার কৌশল’ হিসেবে এই কার্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অঞ্চলগুলোতে কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও মক্কেলদের সঙ্গে সেবা কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
মোসাক ফনসেকা বলছে, বহু গ্রাহকের কথিত কর ফাঁকির তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ২০ বছরের বেশি সময় ধরে এই অঞ্চলগুলোতে কাজ করেছে তারা।
প্রায় দুই মাস আগে মোসাক ফনসেকার সার্ভার থেকে বিশ্বের অনেক দেশের ক্ষমতাসীন নেতাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের কর ফাঁকি দেওয়ার অসংখ্য তথ্য ফাঁস হয়। এতে পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর প্রধান কার্যালয়ে অভিযানও চালায় পুলিশ।
কর এড়াতে ব্যবহৃত অফশোর বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য সুপরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসেও মোসাক ফনসেকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
মধ্য আমেরিকার দেশ পানামার এই আইনি পরামর্শক প্রতিষ্ঠানটির সহায়তায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাজনীতিবিদ, তারকা খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীসহ বহু লোক বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বহু নথি ও তথ্যসংবলিত প্রতিবেদন প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)।
অফশোর কোম্পানি বেআইনি না হলেও এগুলো ব্যবহার করে ক্ষমতাসীন নেতাসহ সারা বিশ্বের বহু ব্যক্তির কথিত অর্থ পাচারের ঘটনা একত্রে ফাঁস হওয়ায় বিষয়টি আলোচনার ঝড় তুলেছে।