তিনটি কার্যালয় বন্ধ করে দিচ্ছে মোসাক ফনসেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে জড়িত আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ব্রিটিশশাসিত তিনটি ছোট দ্বীপে তাদের কার্যালয় বন্ধ করে দিচ্ছে। কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে জার্সি, জিব্রালটার এবং আইল অব ম্যান অঞ্চলের কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘অতি পরিতাপের’ সঙ্গে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
মোসাক ফনসেকার পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ‘সেবাকাঠামো আরও সুসংহত করার কৌশল’ হিসেবে এই কার্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অঞ্চলগুলোতে কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও মক্কেলদের সঙ্গে সেবা কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
মোসাক ফনসেকা বলছে, বহু গ্রাহকের কথিত কর ফাঁকির তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ২০ বছরের বেশি সময় ধরে এই অঞ্চলগুলোতে কাজ করেছে তারা।
প্রায় দুই মাস আগে মোসাক ফনসেকার সার্ভার থেকে বিশ্বের অনেক দেশের ক্ষমতাসীন নেতাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের কর ফাঁকি দেওয়ার অসংখ্য তথ্য ফাঁস হয়। এতে পানামাভিত্তিক আইনি প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর প্রধান কার্যালয়ে অভিযানও চালায় পুলিশ।