তোপের মুখে ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার নবগঠিত বিতর্কিত সাংগঠনিক পরিষদ সরকারের কট্টর সমালোচক অ্যাটর্নি জেনারেল লুইসা ওরতেগাকে গত শনিবার বরখাস্ত করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অনুগত সাংবিধানিক পরিষদের এ পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলো।

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রবল বিরোধিতা সত্ত্বেও সরকার সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন গত সপ্তাহে সম্পন্ন করেছে। তবে সহিংস এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে লুইসা ওরতেগা সরকারের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিলেন। তিনি গণপরিষদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান করে লুইসা বলেছেন, ‘আমি হাল ছাড়ছি না। ভেনেজুয়েলাও ছেড়ে দেবে না এবং অবশ্যই বর্বরতা, আইনের বিরুদ্ধাচার, অনাহার, অন্ধকার এবং মৃত্যুর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ার্ট বলেছেন, যুক্তরাষ্ট্র লুইসা ওরতেগাকে আইনবহির্ভূতভাবে অপসারণের নিন্দা জানাচ্ছে ওয়াশিংটন। মাদুরো সরকারের ‘কর্তৃত্ববাদী স্বৈরশাসন’ জোরদার করার লক্ষ্যেই লুইসাকে বরখাস্ত করা হয়েছে।

কলম্বিয়া, চিলি, গুয়াতেমালা, মেক্সিকো, পানামা ও পেরুও একইভাবে কারাকাসের সমালোচনা করেছে। ভেনেজুয়েলার সাংবিধানিক গণপরিষদ বলেছে, অনিয়মের অভিযোগে লুইসা ওরতেগার বিচার হবে এবং তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।