দক্ষিণ আমেরিকায় এক দিনে সংক্রমিত ৮৪ হাজার
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু ও গুয়াতেমালায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়ে চলেছে। ২৪ ঘণ্টায় দেশগুলোয় নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে ৮৪ হাজার। আর এই সময়ে মারা গেছেন ১ হাজার ৮০০ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ব্রাজিলে। খবর আনাদোলু এজেন্সির।
ব্রাজিলে ২৪ ঘণ্টায় কোভিড-১৯–এ মারা গেছেন ৬৭২ জন সংক্রমিত ব্যক্তি। এ নিয়ে দেশটিতে মৃত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮০ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদকৃত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৪২৮ জন। এ নিয়ে মোট সংক্রমণের ঘটনা বেড়ে হলো ৬৮ লাখের বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু সাওপাওলোতে। এই সংখ্যা যথাক্রমে ১৩ লাখ ২০ হাজার ও ৪৩ হাজার ৮০২। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন সাড়ে ৫৯ লাখ মানুষ।
মেক্সিকোতে করোনা রোগী বেড়েছে আরও ১২ হাজার ২৫৩ জন। মারা গেছেন নতুন করে ৬৯৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১২ লাখ ২০ হাজার। আর মোট মারা গেছেন ১ লাখ ১৩ হাজার মানুষ।
আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে ৭ হাজার ১১২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ১৪ লাখ ৮০ হাজার। মৃত মানুষের সংখ্যাতে ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছে আরও ১৭৮। মোট মৃত মানুষের সংখ্যা ৪০ হাজার ৬০৬।
কলম্বিয়ায় নতুন করে সংক্রমণ ও মৃতের ঘটনা যথাক্রমে ৭ হাজার ৮৭৯ ও ১৮৫। এ নিয়ে মোট সংক্রমণ ও মৃত মানুষের সংখ্যা ১৪ লাখ এবং ৩৮ হাজার ৬৬৯। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া পেরুতে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ এবং মৃত মানুষের সংখ্যা যথাক্রমে ৯ লাখ ৮০ হাজার ৯৪৩ ও ৩৬ হাজার ৫৪৪। আর গুয়াতেমালায় আরও ৭৫৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন ৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে সংক্রমণ এবং মৃত মানুষের সংখ্যা যথাক্রমে ১ লাখ ২৮ হাজার ৫৪১ ও ৪ হাজার ৩৭৬।