দিলমা রুসেফের ভাগ্য নির্ধারণ হবে আজ

ব্রাজিলে এখন গভীর রাত। ঘুমে আচ্ছন্ন সেখানকার বেশির ভাগ মানুষ। রাত পোহালেই দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফের ভাগ্য নির্ধারণ হবে। আজ রোববার বাংলাদেশের স্থানীয় সময় বিকেলে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হবে।
আল জাজিরার খবরে জানানো হয়, দিলমা রুসেফের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি-এপি দেশটিতে দীর্ঘ এক যুগ ধরে ক্ষমতায়। নতুন নেতা কে হবেন, এর চেয়ে ব্রাজিলে এখন মূল আলোচনার বিষয় হলো দিলমা রুসেফকে জনতা আবার ক্ষমতায় দেখতে চান কি না। তাই এ নির্বাচনকে ‘গণভোট’ হিসেবে বিবেচনা করছেন কেউ কেউ।
সাম্প্রতিক জরিপ অবশ্য বলছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারিনা সিলভা ও এসিও নেভসের তুলনায় জনসমর্থনে অনেকটাই এগিয়ে রয়েছেন রুসেফ।
জরিপকারী সংস্থা পোলস্টার ডাটাফোলহার জরিপ অনুযায়ী, ৪৪ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে দিলমা রুসেফের পক্ষে। সোশ্যাল ডেমোক্রেট সিনেটর এসিও নেভস ২৬ শতাংশ সমর্থন পেয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে পরিবেশবাদী মারিনা সিলভার পক্ষে রয়েছেন ২৪ শতাংশ ভোটার।
আইবোপ রিসার্চ ইনস্টিটিউটের জরিপ মতে, দিলমা রুসেফ ৪৬, এসিও নেভস ২৭ ও মারিনা সিলভার পক্ষে ২৪ শতাংশ জনমত রয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্ট কনফেডারেশনের জরিপের ফল বলছে, দিলমা ৪০ দশমিক ৬, নেভস ২৪ ও মারিনার পাশে ২১ দশমিক ৪ শতাংশ জনগণ রয়েছেন।
আজকের নির্বাচনে কোনো প্রার্থী যদি এককভাবে জয়লাভ করতে সমর্থ না হন, তাহলে প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ২৬ অক্টোবর দেশটিতে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে।