দিলমা রুসেফের বিরুদ্ধে ১৫ লাখ মানুষের বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অপসারণের দাবিতে গতকাল রোববার দেশটির বিভিন্ন শহরের সড়কে বিক্ষোভ করেছেন প্রায় ১৫ লাখ মানুষ। রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি তেল প্রতিষ্ঠান পেট্রোব্রাসে দুর্নীতি কেলেঙ্কারির কারণে অর্থনীতিতে পিছিয়ে পড়ার অভিযোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল সবচেয়ে বড় বিক্ষোভটি হয় ব্রাজিলের বাণিজ্যিক ও শিল্পনগর সাও পাওলো শহরে। পুলিশের হিসাব মতে, এখানে প্রায় ১০ লাখ লোকের মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনিরো শহরসহ মোট ৮৩টি শহর ও নগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বিক্ষোভের সময় দিলমা রুসেফ বিরোধীরা ‘চলে যাও দিলমা’, ‘তারা সবাই কিউবা চলে যেতে পারে’, ‘এ মুহূর্তে সামরিক হস্তক্ষেপ দরকার’ ইত্যাদি স্লোগান দেন।
এ পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী হোসে এডুয়ার্ডো কারদোজো ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মিগুয়েল রোসেত্তো। তাঁরা বলেন, দুর্নীতি ও দায় এড়াতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে।
মিগুয়েল রোসেত্তো বলেন, সরকারবিরোধী আন্দোলন বৈধ। তবে অভ্যুত্থান, সহিংসতা ও ভিত্তিহীন ‘অপসারণ’ বৈধ নয়। কেননা তা গণতন্ত্রকে ব্যাহত করে।