দিলমা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে সিনেটে ভোট পড়ার পর গতকাল রাজধানী ব্রাসিলিয়ায় রুসেফবিরোধীরা উল্লাস প্রকাশ করেন l ছবি: রয়টার্স
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে সিনেটে ভোট পড়ার পর গতকাল রাজধানী ব্রাসিলিয়ায় রুসেফবিরোধীরা উল্লাস প্রকাশ করেন l ছবি: রয়টার্স

অনেক চেষ্টা করেও অভিশংসন প্রশ্নে সিনেটের ভোট ঠেকাতে পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। শেষ পর্যন্ত তাঁকে ছয় মাসের জন্য বরখাস্ত করল দেশটির আইনসভার উচ্চ পরিষদ বা সিনেট। তাঁর বিরুদ্ধে অভিশংসন-প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য। এর মাধ্যমে অন্তত আপাতত ১৩ বছরের বাম শাসনের অবসান ঘটল।

সিনেটের এই ভোটের পর রুসেফ এক ভাষণে বলেন, এটি তাঁর বিরুদ্ধে ‘অভ্যুত্থান আর তামাশা’। তিনি বলেন, ‘ব্যালট বাক্সের প্রতি সম্মান, ব্রাজিলের জনগণের সার্বভৌম ইচ্ছা ও সংবিধান এখন এক ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে।’ রুসেফ বলেন, পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে অভিশংসনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে দিলমার বহু সমর্থক জড়ো হয়ে তাঁর পক্ষে স্লোগান দেন।

দিলমা রুসেফ
দিলমা রুসেফ

দীর্ঘ ২২ ঘণ্টা বিতর্কের পর গতকাল বৃহস্পতিবার সকালে রুসেফকে বরখাস্তের পক্ষে রায় দেয় সিনেট। ৮১ সদস্যের সিনেটের ৫৫ জন রুসেফের বিপক্ষে ভোট দেন। ২২ জন তাঁর পক্ষে ছিলেন।
রুসেফের বরখাস্তের জন্য সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যের ভোট হলেই চলত। কিন্তু অর্ধেকের বেশি সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দেন। এই ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন রুসেফবিরোধী সিনেট সদস্যরা। ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফকে এখন ছয় মাসের জন্য ক্ষমতার বাইরে থাকতে হবে। তাঁর শত্রু হিসেবে পরিচিত হয়ে ওঠা ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। তিনি গতকালই একটি ব্যবসাবান্ধব মন্ত্রিপরিষদ ঘোষণা করেছেন। ডানপন্থী দল পিএমডিবির সদস্য  তেমার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হেনরিকে মেইরেলেসকে অর্থমন্ত্রী নিযুক্ত করেছেন। একজন উপদেষ্টা বলেন, তিনি রুসেফের মন্ত্রিপরিষদের খোলনলচে বদলে ফেলবেন।
দিলমা রুসেফের বিরুদ্ধে মূল অভিযোগ, ২০১৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার আগে তাঁর হস্তক্ষেপে ক্রমবর্ধমান সরকারি অর্থনৈতিক ঘাটতি চেপে যাওয়া হয়েছে এবং অসত্য তথ্য-উপাত্ত দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের বাজেট আইন ভঙ্গ করেছেন।
এখন তাঁর বিরুদ্ধে যে অভিশংসন-প্রক্রিয়া শুরু হবে, তা চলবে কয়েক মাস। তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে একেবারে বিদায় দিতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে।
গতকাল সিনেটের বিতর্কে পিআর পার্টির সিনেটর ম্যাগনো মাল্টা বলেন, ‘অসুস্থ এই দেশটিকে বাঁচাতে অভিশংসন নামের তেতো ওষুধের বিকল্প নেই।’

তবে রুসেফের পক্ষের সিনেটর তেলমারিও মোতা বলেন, আজ অভিশংসনের নামে জোর করে ক্ষমতা দখলের একটি পর্ব চলছে।

একসময় মার্ক্সবাদী গেরিলা ছিলেন রুসেফ। গত শতকের সত্তরের দশকে দেশটির সামরিক শাসনের সময় তাঁকে কারাগারে নিক্ষেপ করা হয়।

সিনেটের এই ভোটাভুটির আগে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ তাঁর বিরুদ্ধে অভিশংসন-প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেয়। রুসেফ শুরু থেকেই এই অভিশংসনের প্রক্রিয়াকে তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান বলে আখ্যায়িত করেছেন। তিনি এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। সিনেটে অভিশংসনের আগে তিনি শেষ চেষ্টা হিসেবে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আদালত তাঁর আবেদন গ্রহণ করেননি। রুসেফের অভিশংসনকে কেন্দ্র করে পুরো ব্রাজিল দুই ভাগে ভাগ হয়ে গেছে।