জলবায়ু বিষয়ে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে বিশ্বের ১৯৫টি দেশের প্রতিনিধিরা পেরুর রাজধানী লিমায় সমবেত হয়েছেন। আগামী বছরে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে সেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তবে সেই চুক্তি নিছক একগুচ্ছ প্রতিশ্রুতির সমন্বয় হবে, নাকি এতে আইনি বাধ্যবাধকতা থাকবে, তা নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে তীব্র মতভেদের আশঙ্কাও আছে। খবর এএফপি ও বিবিসির।
এমন এক সময়ে এই সম্মেলন হচ্ছে, যখন বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) হিসাব বলছে, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মহাসাগর ও ভূমিতে গড় তাপমাত্রা গত ১৩৪ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। ১৮৮০ সাল থেকে এ হিসাব করা হয়।
লিমায় গতকাল থেকে দুই সপ্তাহের যে সম্মেলন শুরু হলো সেটিও বেশ উত্তাপ ছড়াবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত গরিব দেশ ও ধনী দেশগুলোর মধ্যে ইতিমধ্যে তৈরি হওয়া বিভাজন এবারের সম্মেলনে আরও জোরালো আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তন রোধে এ বছরে একাধিক বৈশ্বিক আয়োজনে বেশ কিছু আশা সঞ্চারী উদ্যোগ দেখা গেছে। গত ২১ সেপ্টেম্বরে জাতিসংঘের উদ্যোগে ১০ লাখের বেশি মানুষ জলবায়ু পরিবর্তন রোধে সমাবেশ করে নিউইয়র্কে। সেদিন বিশ্বজুড়ে চলে সমাবেশ। পরদিন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুনের আহবানে সাড়া দিয়ে ১২৫টি দেশের রাষ্ট্রনায়কেরা সমবেত হন। জলবায়ু পরিবর্তন রোধে তাঁদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নভেম্বর মাসে বিশ্বের সবচেয়ে কার্বন নিঃসরণকারী দেশ চীন ২০৩০ সালের মধ্যে নিঃসরণের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। বৈশ্বিক কার্বন নিঃসরণকারীদের মধ্যে অন্যতম ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে নিঃসরণের মাত্রা কমানোর প্রতিশ্রুতি দেয়।
আরেক সুখবর হলো, সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আরেক সম্মেলনে জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডে ৯০০ কোটি ডলার পাওয়ার প্রতিশ্রুতি মেলে।
সাম্প্রতিক এসব অর্জনকে এগিয়ে নেওয়া আর প্যারিস সম্মেলনে একটি চুক্তির প্রস্তুতি সেরে ফেলার বিষয়টি চূড়ান্ত করাই লিমা সম্মেলনের প্রধান লক্ষ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কাজটিতে প্রতিবন্ধকতা আছে প্রচুর।
যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ডের জ্যেষ্ঠ ক্লাইমেট ফেলো পল ব্লেডসো বলছেন, জলবায়ু পরিবর্তনের যে সমস্যা সেটি কেবল যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নই সমাধান করতে পারবে না। এতে অনেক দেশের ভূমিকা আছে। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখনো পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে কোনো প্রতিশ্রুতি দেয়নি।
লিমায় যে বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে সেটি হলো, আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু চুক্তির বিষয়ে দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়। ওই চুক্তিকে বলা হচ্ছে, আইএনডিসি বা জাতীয়ভাবে প্রতিশ্রুত অবদান (ইনটেনডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কনট্রিবিউশন)। সেখানে প্রতিটি দেশ কার্বন নিঃসরণে তাদের প্রতিশ্রুতি তুলে ধরবে। প্যারিস চুক্তিতে কী যুক্ত হবে বা হবে না, সে বিষয়ে তুমুল বিতর্ক হবে বলে ধারণা করা হচ্ছে এবারের সম্মেলনে। ধনী দেশগুলো চাইছে, প্যারিস চুক্তিতে কেবল প্রতিশ্রুতিই ব্যক্ত থাকবে। এর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। অপরদিকে দরিদ্র দেশগুলোর চাওয়া কেবল প্রতিশ্রুতি নয়, চুক্তিতে ধাকা চাই আইনি বাধ্যবাধকতা। এভাবে ধনী ও দরিদ্র দেশগুলোর মতের ভিন্নতা লিমা আলোচনায় অচলাবস্থা করতে পারে—এই আশঙ্কাও আছে।