নতুন করে লকডাউনে চিলি
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল সোমবার চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ রাজধানী সান্তিয়াগোতে নতুন করে লকডাউন ঘোষণা করেছে। গত সপ্তাহে শহরটিতে করোনার সংক্রমণ ১৮ শতাংশ বাড়ে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিলির স্বাস্থ্যমন্ত্রী এনরিক প্যারিস এ লকডাউনের পদক্ষেপ সম্পর্কে বলেছেন, পুরোপুরি কোয়ারেন্টিনের বদলে ছুটির দিনে পূর্ণ লকডাউন ও সপ্তাহের অন্য সময় সীমিত কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে গত মার্চে প্রথম করোনা শনাক্ত হয়। গত জুন মাসে সেখানে করোনা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এক দিনে সেখানে পাঁচ হাজারের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। জনসংখ্যার হিসাবে সর্বোচ্চ করোনা শনাক্তের দিক থেকে কাতারের পরেই এর অবস্থান দাঁড়ায়।
গত আগস্ট মাস থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নিতে শুরু করে দেশটি। গত সপ্তাহ থেকে দেশটিতে আবার করোনার সংক্রমণ ১৮ শতাংশ বেড়ে যাওয়ায় পরিকল্পনা বদল করে লকডাউনে ফিরে যেতে হচ্ছে।
চিলির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আংশিক লকডাউনে ফিরে আসা একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। এতে আগের পূর্ণ ও দীর্ঘ লকডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যার মতো বিষয়গুলো এড়ানো যেতে পারে। মেট্রোপলিটন অঞ্চলের বাসিন্দার সংখ্যা বিবেচনা করে ১৮ শতাংশ সংক্রম বাড়ার চিত্রটি আমাদের জন্য ধাক্কা ও উদ্বেগের।’
করোনার লকডাউন জারি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কঠোর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এনরিক প্যারিসকে। কারণ, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা মাস্ক না পরে একজনের সঙ্গে সেলফি তুলে তা পোস্ট করেছেন। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন। চিলিতে ঘরের বাইরে গেলেই মাস্ক পরার কঠোর নিয়ম রয়েছে। কেউ নিয়ম ভাঙলে জেল ও জরিমানার বিধান রয়েছে।