নতুন পর্যালোচনায় পেরুতে করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণে কত মানুষ মারা গেছেন, তা নতুন করে পর্যালোচনা করেছে পেরু। এই হিসাবে দেখা গেছে আগের হিসাবের তুলনায় দেশটিতে আসলে মারা গেছেন দ্বিগুণ মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। খবর বিবিসির।

এ প্রসঙ্গে পেরুর প্রধানমন্ত্রী ভায়োলেটা বারমুডেজ সাংবাদিকদের বলেন, দেশের এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এই সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে করি, আমাদের দায়িত্ব জনগণকে হালনাগাদ তথ্য জানানো।

করোনায় ক্ষতিগ্রস্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম পেরু। এই ভাইরাসের মহামারির কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সরকারি হিসাব অনুসারে পেরুতে মারা গিয়েছিলেন ৬৯ হাজার মানুষ। কিন্তু নতুন পর্যালোচনার পর জানা গেছে, এই সংখ্যা আসলে ১ লাখ ৮০ হাজার। লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ায় ৮৮ হাজারের বেশি, প্রতিবেশী বলিভিয়ায় ১৪ হাজারের বেশি আর ব্রাজিলে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু জনসংখ্যার হার অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু এখন পেরুতে।

এর আগে এই অবস্থানে ছিল হাঙ্গেরি। দেশটিতে প্রতি এক লাখে মারা গেছেন ৩০০ জন। আর এখন পেরুর হিসাবে দেখা যাচ্ছে, দেশটিতে প্রতি এক লাখে মারা গেছেন ৫০০ জন।