নিকারাগুয়ার ওপর চাপ বাড়াতে পদক্ষেপ আর্জেন্টিনা ও মেক্সিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনিয়েল ওর্তেগা।
ছবি: রয়টার্স

নিকারাগুয়ায় চলমান রাজনৈতিক সংকট সমাধানে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগার ওপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে মেক্সিকো ও আর্জেন্টিনা। দেশ দুটি গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে বলেছে, বিরোধীদের ওপর ওর্তেগা যে দমনপীড়ন চালাচ্ছেন, তা থামাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে জন্য নিকারাগুয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে। খবর এএফপির।

এর আগে গত রোববার রাতে নিকারাগুয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল মোরাকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ১৭ রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী পাঁচজন রয়েছেন। সর্বশেষ মিগুয়েলকে গ্রেপ্তার করা হলো। গত তিন সপ্তাহে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ‘দেশদ্রোহী আইনে’ ৫৭ বছর বয়সী সাংবাদিক মিগুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, মিগুয়েল যেসব কর্মকাণ্ড চালিয়েছেন, তার মধ্য দিয়ে ‘দেশটির স্বাধীনতা ও জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার’ উপেক্ষিত হয়েছে।

মিগুয়েলের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকো ও আর্জেন্টিনা। বিবৃতিতে তারা বলেছে, নিকারাগুয়া সরকার সম্প্রতি যেসব ভয়ংকর রাজনৈতিক-আইনি পদক্ষেপ নিচ্ছে, তাতে বিরোধীদের অখণ্ডতা ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে। নিকারাগুয়ায় মানবাধিকার, নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখতে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনা।

আগামী নভেম্বরে নিকারাগুয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিরোধীদের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে সংলাপে বসার আহ্বান জানিয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনা।
রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের তিক্ত ঘটনা আগেও দেখা গেছে নিকারাগুয়ায়। ১৯৭০-এর দশকের শেষে আমেরিকার সমর্থনপুষ্ট একনায়ক সোমোজা সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা। পরবর্তী এক দশক তিনি ক্ষমতায় টিকে ছিলেন। অবশ্য ১৯৯০ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপর তাঁর ক্ষমতায় ফিরতে সময় লাগে ১৬ বছর। ২০০৬ সালের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ওর্তেগা আবার ক্ষমতায় ফেরেন।

বিশ্লেষকদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে ওর্তেগা তাঁর রাজনৈতিক অবস্থান বদলেছেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ওর্তেগা সমঝোতা করেছেন ব্যবসায়ী ও রক্ষণশীল গোষ্ঠীর সঙ্গে। একসময়ের বামপন্থী ওর্তেগা রূপান্তরিত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানে। নানা প্রক্রিয়ায় পুরোনো শত্রুদের কাছে টেনে নিয়েছেন। আর দূরে ঠেলে দিয়েছেন পুরোনো মিত্রের অনেককেই। এ ছাড়া ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সংবিধান সংশোধন করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

নিকারাগুয়ায় সম্প্রতি যেসব রাজনৈতিক দমন–পীড়ন চালানো হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আন্তর্জাতিক মহলের সমালোনার মুখে পড়েছে দেশটি। ওর্তেগাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে গ্রেপ্তারকৃত রাজনীতিকেরা ষড়যন্ত্র করছিলেন বলে মন্তব্য নিকারাগুয়া সরকারের।