নিষেধাজ্ঞাও একটি ভাইরাস: কিউবা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিউবার অর্থনৈতিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের ৬০ বছর গতকাল সোমবার পূর্ণ করেছে কমিউনিস্ট–শাসিত কিউবা। এমন প্রেক্ষাপটে দেশটি নিষেধাজ্ঞাবিরোধী প্রচারণা চালাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ছয় দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা লাতিন আমেরিকার দেশ কিউবার অর্থনৈতিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

১৯৬২ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেন। ঘোষণার চার দিন পর নিষেধাজ্ঞা কার্যকর হয়।

কেনেডির নির্বাহী আদেশে বলা হয়েছিল, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো কমিউনিস্ট শক্তির সঙ্গে দ্বীপরাষ্ট্রটির সম্পর্কের ফলে সৃষ্ট হুমকি হ্রাস করা।

নিষেধাজ্ঞা সত্ত্বেও হাভানা তার অবস্থান বদল করেনি, ফলে মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়নি।

কিউবার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতির যে ক্ষতি এখন পর্যন্ত হয়েছে, তা প্রায় ১৫০ বিলিয়ন ডলারের সমান।

৩০ বছরের মধ্যে কিউবা এখন সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মুখোমুখি। দেশটির মুদ্রাস্ফীতি ৭০ শতাংশ।

কিউবার আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন। এই খাতের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে করোনা মহামারি।

কিউবা খাদ্য ও ওষুধের তীব্র সংকটে ভুগছে। দেশটিতে অত্যাবশ্যকীয় পণ্যের জন্য মানুষের দীর্ঘ সারি এখন সাধারণ দৃশ্য হয়ে উঠেছে।

কিউবার এসব দুর্দশার জন্য নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছে হাভানা। এমন প্রেক্ষাপটে কিউবার কর্তৃপক্ষ কয়েক মাস ধরে নিষেধাজ্ঞাবিরোধী প্রচারণা চালাচ্ছে।

কিউবার এই প্রচারে যে বার্তাটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা হলো—নিষেধাজ্ঞাও একটি ভাইরাস।

গাড়িসহ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে নিষেধাজ্ঞার নিন্দা জানাচ্ছে কিউবার কর্তৃপক্ষ।

তবে দেশটির সরকারবিরোধী লোকজন বলছেন, একদলীয় শাসনব্যবস্থার অধীন অর্থনৈতিক অদক্ষতা ও কাঠামোগত সমস্যাও কিউবার বর্তমান দুর্দশার জন্য দায়ী।

লবি গ্রুপ কিউবাডিসাইডের নির্বাসিত কর্মী রোজা মারিয়া পায়ার ভাষ্য, প্রকৃত অবরোধ তো কিউবা রাষ্ট্র নিজেই তার ওপর আরোপ করে রেখেছে।

রোজা মারিয়া বলেন, তিনি বিশ্বাস করেন, প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে কিউবার উত্তরণের মাধ্যমেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।