নীতি বদলাবে না কিউবা: রাউল
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, হাভানা তার রাজনৈতিকব্যবস্থায় পরিবর্তন আনবে না। গতকাল শনিবার কিউবার জাতীয় পরিষদে এ কথা বলেছেন রাউল।
এ তথ্য জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে গত শতাব্দীর ষাটের দশক থেকে যুক্তরাষ্ট্রের বৈরিতা চলে আসছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার অনেকটা আকস্মিকভাবে ৫০ বছরের বৈরিতা অবসানের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপের ঘোষণা দেন।
রাউল জানিয়েছেন, আগামী বছর তিনি পানামায় আমেরিকাস সম্মেলনে যোগ দেবেন। সেখানে ওবামার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। কিউবার এই নেতা বলেন, ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে তিনি প্রস্তুত। তবে কিউবা তার সমাজতান্ত্রিক নীতি ত্যাগ করবে না।
রাউল কাস্ট্রো বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনৈতিকব্যবস্থা পরিবর্তনের দাবি কখনো আমরা করিনি। আমরাও তাদের কাছ থেকে শ্রদ্ধা আশা করি।’