নেতার জন্মদিনে উচ্ছ্বসিত কিউবা


মহাসমারোহে কিউবার মহান বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্মদিন উদ্যাপন করেছে দেশটির জনগণ। গতকাল শনিবার ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে রাজধানী হাভানায় সমুদ্রসৈকতে হাজারো মানুষ সমবেত হয়। দিনটি উদ্যাপনে জাতীয় সংগীত ইনস্টিটিউট শিশুদের নিয়ে সারা দেশে বিশেষ অনুষ্ঠান করেছে।
শুক্রবার মধ্যরাত থেকেই শুরু হয় জন্মদিনের আয়োজন। হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে সাম্রাজ্যবাদবিরোধী প্লাজায় সংগীত দল দেশটির এই প্রবাদপুরুষের উদ্দেশে জন্মদিনের গান গেয়ে উৎসবের সূচনা করে। সাগরতীরে আতশবাজি ফোটানো হয়। জন্মদিন উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়।
একজন নৃত্যশিল্পী বলেন, ‘এটাই আমাদের পক্ষ থেকে তাঁর (ফিদেল কাস্ত্রো) জন্য সেরা উপহার।’ এবারের জন্মদিন উপলক্ষে কিউবার সংবাদমাধ্যম ‘আমাদের সঙ্গে ফিদেল’ শিরোনামে ফিদেল কাস্ত্রোর বেশ কিছু আলোকচিত্র এবং নিবন্ধ প্রকাশ করেছে। বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।
বার্ধক্যজনিত অসুস্থতার আগ পর্যন্ত কাস্ত্রোকে তাঁর প্রিয় হাভানা চুরুট মুখে দেখা যেত। ৯০তম জন্মদিনে এই বিষয়টি মাথায় রেখে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৯০ মিটার লম্বা একটি চুরুট তৈরি করেছেন হোসে ক্যাস্টেলার নামের এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, এটি পৃথিবীর সবচেয়ে লম্বা চুরুট। অন্যদের সহযোগিতায় এটি তৈরি করতে ওই ব্যক্তির সময় লেগেছে ১০ দিন। এটি হাভানার ওল্ড কলোনিয়াল ভবনে রাখা হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানে জনসমক্ষে আসেননি ফিদেল। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে গতকাল তাঁর সাক্ষাতের কথা রয়েছে।
১৯৫৯ সালে কিউবার ক্ষমতা গ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি দেশটি। কাস্ত্রোকে বহুবার হত্যাচেষ্টা করা হয়। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকেই কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে তাঁর ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। দীর্ঘদিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, নিজ শাসনামলে তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো অর্থনীতি চালু রেখেছেন, ব্যক্তি অধিকার ও স্বাধীনতা কম ছিল তাঁর সময়ে।
কাস্ত্রোর এবারের জন্মদিনের কিছুদিন আগে যুক্তরাষ্ট্র-কিউবা কূটনৈতিক সম্পর্ক আবার চালু হয়। তিনি প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের বৈরী সম্পর্ক ছিল। ফিদেলের ছোট ভাই রাউল কাস্ত্রো এখন কিউবার প্রেসিডেন্ট। তিনি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন।