নোট বাতিলে ভেনেজুয়েলায় বিক্ষোভ
সর্বোচ্চ মূল্যমানের নোট বাতিলের সিদ্ধান্তে ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা চলছে। ১০০ বলিভার মানের নোট বাতিল করায় বিক্ষোভ করছে দেশটির মানুষ। শুক্রবার বিভিন্ন জায়গায় লুটপাটের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায়।
তেলসম্পদে সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ভেনেজুয়েলায় এখন মূল্যস্ফীতি বিশ্বে সবচেয়ে বেশি। মুদ্রার দাম ক্রমেই কমে যাচ্ছে। সবচেয়ে বড় ১০০ বলিভার নোটের মূল্যমান এখন ৩ মার্কিন সেন্ট (১ মার্কিন ডলারের ৩৩ ভাগের ১ ভাগ)।
এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সম্প্রতি ১০০ বলিভার মানের নোট বাতিল করে এর তুলনায় ২০০ গুণ বেশি মূল্যমানের নোট চালু করতে চাইছেন। আগামী জানুয়ারি নাগাদ তা ব্যাপক আকারে বাজারে ছাড়ার পরিকল্পনা আছে। অর্থ পাচার ঠেকাতে ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যে দেশটিতে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। সেখানে চালু মোট নোটের ৭৭ ভাগই ১০০ বলিভারের।
লোকজন ভোর থেকেই ব্যাংকের সামনে লাইন দিচ্ছেন। অর্থ না পেয়ে অনেকে খাবার সরবরাহকারী গাড়িতে হামলা করছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করেন। করা হচ্ছে সড়ক অবরোধ। দেশটির ছয়টি শহরজুড়ে এই বিক্ষোভ চলছে।
শুক্রবার পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহত হয়েছেন অনেকে। বাজার থেকে ইতিমধ্যে বহু ১০০ বলিভার নোট জব্দ করা হয়েছে।