নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করল ভেনেজুয়েলা
বিশৃঙ্খলা ও নগদ সংকটের কারণে নোট বাতিল কার্যক্রম স্থগিত করেছে ভেনেজুয়েলা সরকার। গতকাল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ১০০ বলিভার নোট বাতিলের সিদ্ধান্ত ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়।
তেলসম্পদে সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ভেনেজুয়েলায় এখন মূল্যস্ফীতি বিশ্বে সবচেয়ে বেশি। মুদ্রার দাম ক্রমেই কমে যাচ্ছে। সবচেয়ে বড় ১০০ বলিভার নোটের মূল্যমান এখন ৩ মার্কিন সেন্ট (১ মার্কিন ডলারের ৩৩ ভাগের ১ ভাগ)।
এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত সপ্তাহে ১০০ বলিভার মানের নোট বাতিল করে এর তুলনায় ২০০ গুণ বেশি মূল্যমানের নোট চালু করার সিদ্ধান্ত নেন। আগামী জানুয়ারি নাগাদ তা ব্যাপক আকারে বাজারে ছাড়ার পরিকল্পনা আছে। অর্থ পাচার ঠেকাতে ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যে দেশটিতে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। সেখানে চালু মোট নোটের ৭৭ ভাগই ১০০ বলিভারের।
জনগণকে এই নোট বদলে সমপরিমাণ ছোট নোট বা ধাতবমুদ্রা ব্যাংক থেকে সংগ্রহ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নোট-সংকটে ব্যাংকগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়। বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে জনগণ। অনেকে এই সুযোগে দোকান এবং পণ্যবাহী গাড়িতে লুটপাট চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায়। গ্রেপ্তার হয়েছে বহু। সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানানো হয়। মাদুরো সরকার এই বিশৃঙ্খলার জন্য বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করলেও নোট বাতিল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিল।