নোবেলের অর্থ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের দান করবেন সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়ান মানুয়েল সান্তোস
হুয়ান মানুয়েল সান্তোস

শান্তিতে সদ্য নোবেলজয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস বলছেন, এই পুরস্কারের প্রায় সোয়া নয় লাখ ডলারের পুরোটাই তিনি দান করতে চান। তাঁর দেশে ৫২ বছর ধরে চলা সংঘাতে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই অর্থ তিনি তাঁদের জন্য ব্যয় করতে চান।
মানুয়েল সান্তোস বলেন, ‘গত রাতে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি, নোবেল পুরস্কারের ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনার (৯,২৫,০০০ ডলার) আমি তাদের দিতে চাই, যারা ওই দীর্ঘ বিদ্রোহে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী দল ফার্কের সঙ্গে শান্তিচুক্তি করার সুবাদে সান্তোস চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন। গত মাসে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে একটি শান্তিচুক্তি হয়। অবশ্য পরে এক গণভোটে কলম্বিয়ার জনগণ এই চুক্তি প্রত্যাখ্যান করেন।
কলম্বিয়ায় ফার্কের বিদ্রোহের পরিণতিতে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ৬০ লাখের বেশি মানুষ।