পালিয়ে থেকে সাক্ষাৎকারও দিয়েছিলেন সেই গুজম্যান!
সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালানো মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ী ওয়াকিন ‘এল চাপো’ গুজম্যান গ্রেপ্তার হওয়ার আগে গোপন স্থান থেকে সাক্ষাৎকার দেন হলিউড অভিনেতা সিয়েন পেনকে। যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক পাক্ষিক সাময়িকী ‘রোলিং স্টোন’ গতকাল শনিবারের সংস্করণে ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে। খবর বিবিসি অনলাইনের।
মেক্সিকোর এক জঙ্গলে গত অক্টোবরে নেওয়া সিয়েন পেন গুজম্যানের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে গুজম্যান মাদক পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। গুজম্যান বলেন, ‘যদি ভোক্তারা মাদক না কিনত, তাহলে তো মাদক বিক্রি হতো না।’ কোনো ব্যক্তির মাদকাসক্ত হওয়ার ক্ষেত্রে নিজের দায় অস্বীকার করেন গুজম্যান। তিনি বলেন, ‘আমি যেদিন থাকব না, সেদিনও মাদকাসক্তের সংখ্যা কমবে না।’
গুজম্যানকে গত শুক্রবার তাঁর নিজ প্রদেশ সিনালোয়ার লস মচিস শহর থেকে গ্রেপ্তার করে দেশটির নৌবাহিনী। তাঁর আস্তানায় স্থানীয় সময় ভোরে সেনারা অভিযান শুরু করেন। একপর্যায়ে নালার ভেতর দিয়ে পালিয়েও যাওয়ার চেষ্টা করেন গুজম্যান। এর পর পর নৌসেনাদের সঙ্গে তাঁর বন্দুকযুদ্ধ হয়। ওই সময় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বন্দুকযুদ্ধে একজন নৌসেনাসহ ছয়জন নিহত হন।
গুজম্যান ১৯৯৩ সালে প্রথম দফায় গুয়াতেমালায় গ্রেপ্তার হন। ২০০১ সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান। দ্বিতীয় দফায় ২০১৪ সালে গ্রেপ্তার হন তিনি। গত জুলাই মাসে সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান গুজম্যান।