পেট্রোব্রাসের বিরুদ্ধে মার্কিন শহরের মামলা
ব্রাজিলীয় তেল কোম্পানি পেট্রোব্রাস ও এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি শহরের কর্তৃপক্ষ মামলা করেছে। খবর এএফপি ও বিবিসির।
পেট্রোব্রাসের দুর্নীতির কারণে বিনিয়োগকারীদের লোকসানের অভিযোগ আনা হয়েছে রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরের করা ওই মামলায়। এতে বলা হয়, বিনিয়োগকারীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছিল আধা সরকারি জ্বালানি কোম্পানিটি।
দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর পেট্রোব্রাসের বিনিয়োগ কমতে শুরু করে। দুর্নীতি, অর্থ পাচার ও বেআইনি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ব্রাজিলে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির ৩৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা বড় বড় প্রকল্পের ব্যয় বাড়ানোর বিনিময়ে রাজনীতিকদের আর্থিক সুবিধা দেন বলে অভিযোগ রয়েছে।
এই কেলেঙ্কারির ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সরকার চাপের মুখে পড়েছে। তিনি ২০১০ সাল পর্যন্ত ১০ বছর পেট্রোব্রাস বোর্ডের প্রধান ছিলেন।