পোপ-কাস্ত্রো 'বন্ধুত্বপূর্ণ' বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবা সফররত বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। মতাদর্শের ভিত্তিতে একেবারে ভিন্ন পথের এ দুই ব্যক্তিত্ব গত রোববার সাক্ষাৎ করেন। এর আগে রাজধানী হাভানায় লাখো ভক্তের উপস্থিতিতে প্রার্থনায় অংশ নেন পোপ। খবর গার্ডিয়ানের।
ফ্রান্সিস-ফিদেলের এই সাক্ষাতের স্থায়িত্ব ছিল আধা ঘণ্টা। রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর ভ্যাটিকান কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকটি ছিল ‘অনানুষ্ঠানিক’ ও ‘বন্ধুত্বপূর্ণ’।
কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবায় পোপ ফ্রান্সিসের এটিই প্রথম সফর। কিউবা সফর শেষ করেই তিনি যাবেন যুক্তরাষ্ট্রের। পাঁচ দশকের বেশি সময় পর সম্প্রতি দুই বৈরী প্রতিবেশী কিউবা ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। এর পরপরই পোপ কিউবা সফরে গেলেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের এ ঐতিহাসিক প্রক্রিয়ায় পোপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়।
ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোমবারদি বলেন, হাভানায় ফিদেল কাস্ত্রোর বাসভবনে হওয়া ওই বৈঠকে পোপ ও কাস্ত্রো পরস্পরকে বই উপহার দেন। পোপের দেওয়া তিনটি বইয়ের মধ্যে আছে জলবায়ু পরিবর্তন নিয়ে পোপের লেখা, ইতালীয় পাদ্রি আলসান্দ্রো প্রোনজাতো এবং স্পেনের ধর্মযাজক আরমান্দো লরেন্টার লেখা বই। এর পাশাপাশি ধর্ম ও হাস্যরসের একটি বইও দেন পোপ।
কাস্ত্রো পোপকে দেন তাঁর নিজের ধর্মচিন্তা নিয়ে ব্রাজিলের পাদ্রি ফ্রেই বেতোকে দেওয়া সাক্ষাৎকারের বই।
ভ্যাটিকান সূত্র জানায়, দুজনের মধ্যে আলোচ্য বিষয় ছিল মানবতা ও এর সমস্যা এবং বিশ্ব পরিবেশের পরিস্থিতি। সাক্ষাতের সময় কাস্ত্রোর স্ত্রী, নাতি-নাতনি, ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোসহ ১০-১২ জন উপস্থিত ছিলেন।
কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতের আগে পোপ ফ্রান্সিস হাভানার রেভল্যুশন স্কয়ারে প্রার্থনা ছাড়াও ধর্মীয় বক্তব্য দেন। পোপ এ সময় বলেন, ‘মানুষের সেবা করতে গেলে কেবল তত্ত্ব চর্চা করলে চলে না। আমরা কেবল আমাদের তত্ত্ব তুলে ধরি না। আমরা মানুষের সেবা করি।’