যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উচ্চপর্যায়ের দুই দিনের ঐতিহাসিক সংলাপের প্রথম দিনের আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে উভয় পক্ষ। যদিও অভিবাসী নীতি নিয়ে দিনের আলোচনায় উভয় পক্ষের মধ্যে মতভিন্নতার বিষয়টি ছিল উল্লেখ করার মতো। খবর এএফপির।
কিউবার রাজধানী হাভানায় গত বুধবার শুরু হয়েছে এই সংলাপ। কয়েক দশকের বৈরিতা দূরে ঠেলে যুক্তরাষ্ট্র ও কিউবা গত বছরের ডিসেম্বরে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। এরপর এটাই দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।
যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোবার্তা জ্যাকবসন বুধবার স্থানীয় সময় দুপুরে হাভানায় পৌঁছান। ১৯৮০ সালের পর তিনিই সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি কিউবার মাটিতে পা রাখলেন। জ্যাকবসনের সহকারী অ্যালেক্স লি হাভানার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রথম দিনের সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটিকে নেতৃত্ব দেন। কিউবার পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রবিষয়ক দপ্তরের প্রধান জোসেফিনা ভিদাল।
সংলাপ শেষে অ্যালেক্স লি বলেন, ‘আজকের এই বৈঠকের ফলপ্রসূ ও সহযোগিতামূলক ধরনই প্রমাণ করে, কিছু মতভিন্নতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কিউবা আমাদের অভিন্ন স্বার্থগুলোকে এগিয়ে নেওয়ার সুযোগ খুঁজে নিতে পারবে।’
আর ভিদাল বলেন, কিউবা অভিবাসী বিষয়টির পাশাপাশি বৃহত্তর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক আশা করে। তবে মার্কিন অভিবাসী নীতির সমালোচনা করেন তিনি। বলেন, (এই নীতিগুলো) কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে যায় না।
এই অভিবাসী ইস্যুতে যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক বছরের পর বছর তিক্ত অবস্থায় রয়েছে। কিউবার নাগরিকেরা জরাজীর্ণ নৌকায় চড়ে ১৪৫ কিলোমিটার সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পাড়ি জমিয়ে থাকে। মার্কিন নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখা কিউবানদের জন্য দ্রুতগতিতে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে। তবে সাগরে কেউ ধরা পড়লে তাকে স্বদেশে ফেরত পাঠানো হয়। দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নতি হলে ওই নীতির ইতি ঘটবে, এমন আশঙ্কায় এখন কিউবার অভিবাসীদের এভাবে সাগরপথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর হার অনেক বেড়েছে।