বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ ফকল্যান্ডে তেল উত্তোলনে নিয়োজিত তিন দেশের পাঁচটি কোম্পানির সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আর্জেন্টিনার একটি আদালত। খবর বিবিসির।
আর্জেন্টিনার ফেডারেল আদালত তিয়েরা দেল ফুয়েগোর বিচারপতি লিলিয়ান হারেজ ওই নির্দেশে কোম্পানিগুলোর নৌযান ও ১৫ কোটি ৬০ লাখ ডলার (১৫৬ মিলিয়ন) মূল্যের অন্যান্য সম্পদ জব্দ করতে বলেন।
কোম্পানিগুলোর তিনটি যুক্তরাজ্যভিত্তিক, একটি যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক ও অপরটি ইতালিভিত্তিক ফরাসি। বিরোধপূর্ণ এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে থাকে আর্জেন্টিনা। দেশটির বিরোধিতা সত্ত্বেও ২০১০ সালে এখানে ওই কোম্পানিগুলো তেল উত্তোলনের জন্য খননকাজ শুরু করে।
ফকল্যান্ড নিয়ে ১৯৮২ সালে যুদ্ধে জড়িয়ে পড়েছিল আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। যুদ্ধে ২৫৫ ব্রিটিশ ও প্রায় ৬৫০ আর্জেন্টিনার সৈন্য এবং দ্বীপপুঞ্জটির তিনজন অধিবাসী প্রাণ হারান। যুদ্ধের সময় মাত্র ৭৪ দিনের জন্য এটি দখল করতে সক্ষম হয় আর্জেন্টিনা। তবে এরপরই তা ফের নিজেদের দখলে নেয় যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের বিরুদ্ধে উপনিবেশবাদী আচরণের অভিযোগ তুলে আর্জেন্টিনা বলে আসছে, এ দ্বীপপুঞ্জের অবস্থান তার উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে। আর ১৮০ বছর ধরে এটি দখল করে রাখা যুক্তরাজ্য বলে আসছে, এ দ্বীপপুঞ্জের ৩ হাজার অধিবাসীর অভিপ্রায়ের প্রতি সম্মান দেখানো উচিত। তাদের অধিকাংশ যুক্তরাজ্যের বাইরে একটি ব্রিটিশ ভূখণ্ডের বাসিন্দা হয়ে থাকতে চায়।
দ্বীপপুঞ্জের মর্যাদা প্রশ্নে ২০১৩ সালে অনুষ্ঠিত এক গণভোটের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, তারা (ওই অধিবাসীরা) ব্রিটিশ হয়ে থাকতে চায়। তাই তাদের প্রতি আর্জেন্টিনাসহ সবারই সম্মান দেখানো দরকার।