ফার্ক: অস্ত্র ছেড়ে শান্তির পথে
রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া সংগঠনটি সংক্ষিপ্ত নাম ‘ফার্ক’ হিসেবেই বেশি পরিচিত। এটি ছিল দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী সংগঠন। গোটা লাতিন আমেরিকাতেই এত দিন সক্রিয় থেকে যাওয়া প্রধান গেরিলা সংগঠনগুলোর একটি।
বামপন্থী দলের সশস্ত্র শাখা হিসেবে ১৯৬৪ সালে ফার্কের জন্ম। এটি অনুসরণ করে মার্কসবাদী ও লেনিনবাদী আদর্শ। ক্ষুদ্র কৃষক ও খেতের শ্রমিকেরা ছিলেন ফার্কের অন্যতম প্রতিষ্ঠাতা। তৎকালীন সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে এক জোট হয়েছিলেন তারা। নগর অঞ্চলে ফার্কের কিছু শাখা থাকা সত্ত্বেও এটি বরাবরই একটি গ্রামভিত্তিক গেরিলা সংগঠন। কলাম্বিয়ার নিরাপত্তা বাহিনীর ধারণা, ফার্কে ছয় থেকে সাত হাজার সক্রিয় যোদ্ধা রয়েছেন। এ ছাড়া ফার্কের সহায়তায় নেটওয়ার্কের মতো কাজ করেন আরও সাড়ে আট হাজারের মতো বেসামরিক লোক। তবে ২০০২ সালের দিকে ফার্কের ২০ হাজার সক্রিয় যোদ্ধা ছিল বলে ধারণা করা হতো। সংগঠনটির নেতা হলেন রদ্রিগো লনদোনো ইচেভেরি ওরফে টিমোচেনকো। ছোট ছোট কৌশলী দলের মাধ্যমেই বৃহত্তর যোদ্ধা ইউনিট গড়েছে ফার্ক। শান্তি চুক্তির মাধ্যমে সংগঠনটি অস্ত্র ছেড়ে বৈধ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। আর অন্তর্বর্তী সময়ের জন্য তাদের পার্লামেন্টে কিছু প্রতিনিধিত্বও দেওয়া হবে।