ফার্কের সঙ্গে করা শান্তিচুক্তি বহালের চেষ্টায় সরকার
গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর মার্ক্সবাদী গেরিলা গোষ্ঠী ফার্কের সঙ্গে করা শান্তিচুক্তি কার্যকর করার চেষ্টায় বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে কলম্বিয়ার সরকার। গত রোববারের গণভোটে চুক্তিটি সামান্য ব্যবধানে প্রত্যাখ্যাত হয়। এর ফলে অর্ধ শতকের বেশি সময় ধরে চলা সশস্ত্র বিদ্রোহ অবসানে শান্তির উদ্যোগ অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়াল সান্তোস চুক্তি সংশোধনের বিষয়ে এর বিরোধীদের সঙ্গে আলোচনা করতে সোমবার একটি কমিটি গঠন করেছেন। সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি বিরোধীদের সঙ্গে বৈঠক করেছে। চুক্তির বিরোধী পক্ষে নেতৃত্ব দেওয়া সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবির তিন প্রতিনিধি আলোচনায় অংশ নেন।
গত শতকের ষাটের দশক থেকে ফার্ক বিদ্রোহীদের সশস্ত্র তৎপরতা শুরু হয়। চার বছরের আলোচনার পর যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহে এই চুক্তি হয়েছিল।
কলম্বিয়ার সিনেটর ও ডেমোক্রেটিক সেন্টার পার্টির নেতা উরিবি চান, ফার্ক বিদ্রোহীদের মধ্যে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিচার হোক। আর কোনো কোনো নেতার রাজনীতি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হোক। চুক্তি অনুযায়ী দেশের পার্লামেন্টে তাঁদের জন্য আসন সংরক্ষণ এবং রাজনৈতিক দল গঠনে অধিকার দেওয়ার কথা বলা হয়।
চুক্তির পর তার স্বীকৃতির জন্য গণভোটের আয়োজন করা হয় রোববার। বিভিন্ন জরিপে বলা হয়েছিল, চুক্তির পক্ষ অনায়াসেই জয়ী হবে। তবে ভোটের ফলাফলে দেখা যায়, অল্পের জন্য পূর্বাভাস মেলেনি। চুক্তির বিপক্ষে ৫০ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে।