ফার্কের সঙ্গে যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ল
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস দেশটির মার্ক্সবাদী গেরিলা গোষ্ঠী ফার্কের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ এ বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছেন। ফার্কের সঙ্গে করা ঐতিহাসকি শান্তিচুক্তিকে রক্ষা করতেই তাঁর এ পদক্ষেপ।
গত মাসে আলোচিত শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও তা গণভোটে সামান্য ব্যবধানে প্রত্যাখ্যাত হয়। গত কয়েক দিন সান্তোস চুক্তির বিরোধীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। গণভোটের মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। তবে গতকাল শুক্রবার এক টেলিভিশন ভাষণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট সান্তোস।
ফার্কের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য নতুন প্রস্তাব নিয়ে কিউবার রাজধানী হাভানায় যাবেন প্রেসিডেন্ট সান্তোস। সেখানেই দীর্ঘ সময় ধরে শান্তি আলোচনা হয়েছিল। ফার্কের সঙ্গে অর্ধ শতকেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায় দক্ষিণ আমেরিকার দেশটিতে। এ যুদ্ধ বন্ধে ঐতিহাসিক শান্তিচুক্তি করে এ বছরের নোবেল শান্তি পুরস্কার পান প্রেসিডেন্ট সান্তোস।