ফার্কের সঙ্গে শান্তিচুক্তি প্রত্যাখ্যান কলম্বিয়াবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কসবাদী গেরিলা গোষ্ঠী ফার্কের সঙ্গে কয়েক দিন আগে সরকারের স্বাক্ষরিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে কলম্বিয়ার জনগণ। এ চুক্তির ওপর গত রোববারের গণভোটে এর বিপক্ষে ৫০ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে। এর ফলে আধা শতকেরও বেশি সময়ের সশস্ত্র সংঘাতের পর শুরু হওয়া শান্তি প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ল বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চার বছরের আলোচনার পর গত সপ্তাহে দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা তিমোশেঙ্কো ও কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস চুক্তিতে সই করেন। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে জনগণের সম্মতির দরকার ছিল। আর সে জন্যই আয়োজন করা হয়েছিল গণভোটের।

দেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভোটার ছিল মাত্র ৩৭ শতাংশ।  গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৪৯ দশমিক ৭৮ শতাংশ।

১ কোটি ৩০ লাখ ব্যালটের মধ্যে ৬৩ হাজারেরও কম ভোটের ব্যবধানে শান্তিচুক্তিটি ‘প্রত্যাখ্যাত’ হয়।

ভোটে অংশগ্রহণ বাড়াতে সরকার টেলিভিশনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করেছিল; আয়োজন করেছিল কনসার্ট ও শান্তি শোভাযাত্রার। ধারণা করা হচ্ছিল, শান্তিচুক্তির পক্ষেই জনরায় আসবে।

১৯৬৪ সালে শুরু হওয়া ফার্ক বিদ্রোহীদের লড়াইয়ে ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় কয়েক লাখ মানুষ। দীর্ঘ সময়ে চলা সশস্ত্র লড়াইয়ের ফলে স্বজন হারানো অনেক মানুষ তাদের তিক্ত স্মৃতি ভুলতে পারেনি। আর এরই প্রতিফলন ঘটেছে নির্বাচনে।

চুক্তি গণভোটে প্রত্যাখ্যাত হলেও প্রেসিডেন্ট মানুয়েল সান্তোস ও ফার্ক নেতা তিমোশেঙ্কো শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।