ফার্কের সঙ্গে সরকারের নতুন চুক্তির ঘোষণা
দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের রক্তক্ষয়ী সংঘর্ষের সমাপ্তি ঘটাতে কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠী নতুন একটি সংশোধিত শান্তি চুক্তিতে উপনীত হওয়ার ঘোষণা দিয়েছে। দুই পক্ষের মধ্যকার আগের চুক্তিটি গণভোটে জনগণের প্রত্যাখ্যানের মুখে বাতিল হওয়ার মাস খানেক পর নতুন চুক্তিটি হলো।
এএফপির খবরে বলা হয়, আজ রোববার কিউবার রাজধানী হাভানায় যৌথ বিবৃতিটি পড়ে শোনানো হয়। যৌথ বিবৃতিটি পড়ে শোনান কিউবা ও নরওয়ের কূটনীতিকেরা। এই শান্তি চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে এই দুটি দেশ যুক্ত আছে।
দুই পক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে নতুন একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছি। এখানে কিছু পরিবর্তন, পরিমার্জন আনা হয়েছে, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কাছ থেকে পাওয়া মতামত সন্নিবেশিত করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, স্থিতিশীল ও টেকসই শান্তির জন্য সামাজিক, রাজনৈতিক গোষ্ঠীসহ কলম্বিয়ার সবার সমর্থন প্রয়োজন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস নতুন এই শান্তি চুক্তির বিষয়ে বলেন, ‘এটি অপেক্ষাকৃত ভালো। যেসব বিষয় পরিবর্তনের জন্য আলোচনায় এসেছিল, সেগুলো সমন্বয় করা হয়েছে। এর মাধ্যমে আরও কার্যকর শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।’
ফার্ক গেরিলাদের সঙ্গে স্বাক্ষরিত প্রথম শান্তি চুক্তিটি চলতি বছরের ২ অক্টোবরের গণভোটে বাতিল হয়ে যায়। ৫০ দশমিক ২ শতাংশ লোক চুক্তিটির বিপক্ষে ভোট দেন। তবে ওই শান্তি চুক্তি সইয়ের স্বীকৃতি হিসেবে চলতি বছর কলম্বিয়ার প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত, কলম্বিয়ার ৫২ বছরের সংঘাতে ২ লাখ ৬০ হাজার মানুষের প্রাণ গেছে।