ফিরছেন লুলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন। গত শনিবার সাও পাওলোতে আয়োজিত এক সমাবেশে লুলা বলেন, ‘বিরোধীরা সকাল থেকে রাত পর্যন্ত আমাকে নিয়ে কথা বলেন। আসলে উড়ন্ত পাখিকে মেরে ফেলা তুলনামূলক কঠিন, তাই আমি আবারও ওড়া শুরু করেছি।’ দেশটির ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন বলে এক দিন আগে গত শুক্রবারই ইঙ্গিত দিয়েছিলেন লুলা। টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর তাঁর দল ওয়ার্কার্স পার্টির পতন দেখতে চান না বলেও উল্লেখ করেন লুলা ডি সিলভা। মূলত লুলা তাঁর উত্তরসূরি দিলমা রুসেফের ওপর আসা চাপ ঠেকাতে রাজনীতিতে ফিরছেন। বাম নেতা লুলা ডি সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি দেশটিতে অর্থনৈতিক মন্দা এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দিলমার অভিশংসনের প্রস্তাব তুলেছেন বিরোধীরা।
এএফপি