ফোর্ট ম্যাকমুরের ২০ শতাংশ বাড়ি পুড়েছে
দাবানলে কানাডার ফোর্ট ম্যাকমুরে এলাকার পাঁচ ভাগের এক ভাগ বাড়িই পুড়ে গেছে। আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শহরটির লেগে যেতে পারে কয়েক বছর। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে এমনটি বলেছেন স্থানীয় এক পার্লামেন্ট সদস্য।
গত ১ মে কানাডার তেলসমৃদ্ধ অঞ্চল অ্যালবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে এলাকায় দাবানলের সূত্রপাত হয়।
ফোর্ট ম্যাকমুরের সাংসদ ডেভিড ইয়রদিগা বলেন, এ শহরের আনুমানিক ২০ শতাংশ বাড়ি পুড়ে গেছে।
দাবানলের কারণে স্থানান্তরের আদেশ জারির পর ম্যাকমুরে শহর ও এর আশপাশের এলাকার এক লাখেরও বেশি মানুষ স্থানান্তরিত হয়েছে। দাবানল শুরুর পর ম্যাকমুরে থেকে উত্তরে চলে যাওয়া সর্বশেষ প্রায় ২৫ হাজার বাসিন্দাকেও সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে গত রোববার। শহরটির গ্যাস-সংযোগ বন্ধ হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক গ্রিড। শহরটির বিরাট অংশজুড়েই সুপেয় পানি কিংবা বিদ্যুৎ নেই। এখন পর্যন্ত দাবানলের কারণে সরাসরি হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে গণস্থানান্তরের সময় সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি ঘটেছে।
কর্মকর্তারা বলেন, এক সপ্তাহ ধরে চলা দাবানল সপ্তাহান্তে আশঙ্কার চেয়ে ধীরগতিতে বাড়ছে।