বউকেই করলেন রানিংমেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা। ছবি: এএফপি
সস্ত্রীক প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা। ছবি: এএফপি

নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আর এ নির্বাচনে রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে স্ত্রী রোজারিও মুরিলোকে বেছে নিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার তিনি স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন। আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা (৭০) মঙ্গলবার দেশটির রাজধানী মানাগুয়ায় আনুষ্ঠানিকভাবে তাঁর স্ত্রী রোজারিও মুরিলোকে তাঁর রানিংমেট হিসেবে ঘোষণা করেছেন। তিনি নিজেও তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আগামী নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নিজ দল সান্ডিনিসতা পার্টি জোরালো সমর্থন দিয়েছে এ মনোনয়নের ব্যাপারে। গতকাল রাজধানীতে স্বামী-স্ত্রী আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রার্থিতার কাগজপত্র জমা দিয়ে ভবন থেকে বেরোনোর সময় শত শত সান্ডিনিসতা সমর্থক তাঁদের করতালি দিয়ে অভিবাদন জানান।

ফার্স্ট লেডি রোজারিও মুরিলোকে ইতিমধ্যে সরকারের মুখ্য মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁকে স্বামীর সঙ্গে খুব ভালোভাবে ক্ষমতা ভাগাভাগি করতে দেখা যায়। তাঁকে প্রায় প্রতিদিন নিকারাগুয়ার টেলিভিশনে দেখা যায়।
তবে স্ত্রীকে রানিংমেট করার বিষয়টিকে বেশ কড়াভাবেই সমালোচনা করছেন সমালোচকেরা। তাঁরা বলছেন, এই প্রথম কোনো দম্পতি নিকারাগুয়াকে চালাচ্ছে ব্যক্তিগত সম্পদের মতো। যেখানে প্রেসিডেন্ট ওর্তেগা গণমাধ্যমে খুব কমই কথা বলেন, সেখানে তাঁর স্ত্রীকে নিয়মিত টেলিভিশনে নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করতে দেখা যায়।
রোজারিও সাত সন্তানের জননী এবং তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। কবি হিসেবেও তিনি সুপরিচিত। অন্যদিকে জমকালো রঙিন পোশাক ও গয়না পরার জন্য তাঁর বেশ সুনামও রয়েছে।