গরুর বদলে স্বাস্থ্যকর বিকল্প লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুরো ডিপার্টমেন্টের টুরকো পৌরসভায় খামারে পালন করা হয় লামা। এই লামার মাংসে উচ্চমাত্রার প্রোটিন থাকলেও চর্বির পরিমাণ খুবই কম। ছবি: এএএফপি
অরুরো ডিপার্টমেন্টের টুরকো পৌরসভায় খামারে পালন করা হয় লামা। এই লামার মাংসে উচ্চমাত্রার প্রোটিন থাকলেও চর্বির পরিমাণ খুবই কম। ছবি: এএএফপি

ভেড়ার মতো দেখতে, কিন্তু ভেড়া নয়। তফাৎটা এনেছে লম্বাটে গলা। গবাদি পশুর দলে থাকা এই প্রাণীটি লামা নামে পরিচিত। তবে দুনিয়াজুড়ে এর পরিচিতি নেহাতই কম। কারণ তারা ছাগল বা ভেড়ার মতো দেশে দেশে ছড়িয়ে-ছিটিয়ে নেই। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় লামার দেখা মেলে দেদার। লামার মাংস সেখানে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। গরুর মাংসের বিকল্প খাবার, বিশেষ করে তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত মাংস হিসেবে লামার মাংসের বেশ কদর এখন।
অথচ এক সময় লামার মাংস বলিভিয়ায় ছিল গরিবের খাবার। বলিভিয়ার প্রসিদ্ধ শহর লা পাজের নামকরা রেস্তোরাঁ গাসতু। ঠাটঠমক আছে, এমন লোকজনের আনাগোনা সেখানে। তাঁরা মজা করে কাবাব-মোসাল্লাম খায়। তবে তা লামার মাংসে তৈরি।
রেস্তোরাঁর ড্যানিশ বাবুর্চি কামিলা সিডলার বলেন, ‘আগে এই মাংস ছিল গরিবের খাবার, আর এখন দেশের সবচেয়ে দামি মাংস।’
এই রেস্তোরাঁয় খাবারের তালিকায় এই মাংস থাকার অর্থ—এটা বিশেষ কিছু। গাসতু ২০১৫ সালে লাতিন আমেরিকার সেরা ৫০ রেস্তোরাঁয় ৩২ তম স্থান করে নিয়েছে। তিন বছর আগে খোলা এই রেস্তোরাঁ সম্পর্কে ফুড অ্যান্ড ওয়াইন ম্যাগাজিনে লেখা হয়েছে—‘গাসতু কি বিশ্বের সেরা নতুন রেস্তোরাঁ?’
গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলেছে, বেকন, সসেজ বা হ্যামের মতো প্রক্রিয়াজাত করা মাংস ক্যানসার সৃষ্টি করতে পারে। সে তুলনায় লামার মাংস অধিক স্বাস্থ্যসম্মত। মানুষ এখন লামার মাংসকে গরুর বিকল্প মনে করতে শুরু করেছে। 


২০১৩ সালে বলিভিয়ার পল্লি উন্নয়ন মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানানো হয়, লামার মাংস লাল হলেও এতে চর্বি ও কোলেস্টরল খুব কম। এএফপি অবলম্বনে


বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ঘেঁষে থাকা তুরকোর আন্দিজ পবর্তমালায় ১৫০টি লামা চড়িয়ে বেড়ান চুরকই। তিনি বলেন, ‘লামার মাংস ভালো। এর দাম বাড়বে বলে আশা করছি। অন্যান্য লাল মাংসের “প্রতিদ্বন্দ্বী” হয়ে উঠবে এটা।’

বলিভিয়ার আদিবাসী লোকজনের কাছে অনেক আগে থেকে খাবারের অন্যতম উৎস ছিল লামার মাংস। বলিভিয়ার পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা দেমেতরিও লুনা বলেন, আমাদের পূর্বপুরুষেরা খেয়ে ও বিক্রি করে শেষ করেছে লামা। তাঁরা গম, যব, ভুট্টা ও কোকোর জন্য বিক্রি করতেন লামার মাংস। মন্ত্রণালয় এখন লামার মাংসের গুনাগুণ প্রচারের কাজ করছে। এটিকে তারা গরুর মাসের চেয়ে ভালো বরে জোর প্রচার চালাচ্ছে।

তুরকোতে লামা লালন-পালনে পাঁচ হাজারের বেশি পরিবার জীবিকা নির্বাহ করে। চুরকি বলেন, এক একটি লামা তিনি ১৫০ ডলারে বিক্রি করেন। প্রতি বছর তিনি ২০-৪০টি লামা বিক্রি করেন। আর এটি তাঁর জীবিকার উৎস।

ইকুয়েডর, চিলি, পেরু, ও আর্জেন্টিনাসহ আন্দিজ পার্বত্য অঞ্চলে লামার দেখা মেলে। তবে লামার মাংসের ৬০ শতাংশ আসে বলিভিয়া থেকে।