বলিভিয়ায় যাত্রীবাহী বাস পড়ল ১৩০০ ফুট খাদে

বলিভিয়ায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৯৬ জন প্রাণ হারানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিভিয়ায় যাত্রীবাহী একটি বাস ১ হাজার ৩০০ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকার এই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বাসটিতে কত জন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো এলউইস মারকাডো বলেন, বাস দুর্ঘটনায় যাঁরা প্রাণে বেঁচে গেছেন, তাঁদের মধ্যে বাসটির চালকও আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনা নিয়ে আমাদের সন্দেহ দূর করার কাজে চালক আমাদের সাহায্য করতে পারবেন।’

স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু রয়েছে। আরও দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া এক হিসাব অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৯৬ জন মানুষ প্রাণ হারান।