বিচারের কাঠগড়ায় বাগবো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবো। ছবি: এএফপি
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবো। ছবি: এএফপি

আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোর বিচার আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তাঁর বিচার হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পাঁচ বছর আগে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আইভরি কোস্টে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। বাগবোর সমর্থক ও প্রতিপক্ষের প্রত্যাশা, এই বিচারের মধ্য দিয়ে সত্য উন্মোচিত হবে। বেরিয়ে আসবে সংকটের পেছনের কারণ।
আইনজীবীদের অভিযোগ, ২০১০ সালের নির্বাচনে প্রতিপক্ষ আলাসেন ওয়াতারার কাছে হারের পর যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা আঁটেন বাগবো। এর জের ধরে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।
৭০ বছর বয়সী বাগবোর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মিলিশিয়া নেতা চার্লস ব্লে গৌদিও বিচারের মুখোমুখি হচ্ছেন।
আইসিসির প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসুদা বলেন, পুরোপুরি আইনিপ্রক্রিয়ায় সত্য উদ্ঘাটন করাই এই বিচারের উদ্দেশ্য।
আইভরি কোস্টে ২০১০ সালের নির্বাচনে ওয়াতারাকে জয়ী বলে হিসেবে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সম্প্রদায়। একপর্যায়ে জাতিসংঘ ও ফ্রান্সের বাহিনীর সহায়তায় বাগবোকে গ্রেপ্তার করে ওয়াতারার সেনারা। পরে তাঁকে আইসিসির কাছে হস্তান্তর করা হয়।