ভেনেজুয়েলায় রোববার অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর গতকাল সোমবার ‘বিজয়’ হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানানো হয়, নির্বাচনে ৪১ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। এদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। দমন-পীড়ন সত্ত্বেও বিরোধীরা বিক্ষোভের ডাক দিয়েছে।
সংবিধান পুনর্লেখনের জন্য একটি নতুন ও সর্বময় ক্ষমতাধর ‘গণপরিষদ’ গঠনের লক্ষ্যে রোববার ভেনেজুয়েলায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। এই নির্বাচনকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৪ থেকে ১০ জনে পৌঁছেছে। দেশজুড়ে বিক্ষিপ্তভাবে পোলিং স্টেশনে হামলা ও সড়ক অবরোধ করে বিরোধীরা।
অন্যদিকে শক্ত হাতে দমন-পীড়ন চালায় সরকারি বাহিনী। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনী গুলি বর্ষণও করে।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিসহ আন্তর্জাতিক নিন্দা এবং বিরোধীদের বয়কট উপেক্ষা করেই নির্বাচনের উদ্যোগ নেন প্রেসিডেন্ট মাদুরো। বয়কট ও সহিংসতার মধ্যে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান টিবিসে লুসেনা বলেন, ৮০ লাখেরও বেশি ভোটার। ভোট পড়েছে ৪১ দশমিক ৫ শতাংশ। ‘ভোটদানের হার অসাধারণ’ বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি।
প্রসিকিউটররা বলেছেন, ভোট গ্রহণকে কেন্দ্র করে রোববার সহিংসতায় ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে চার মাস ধরে চলা সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ ছাড়িয়ে গেছে।
ভেনেজুয়েলার রাজপথে চার মাস ধরে সরকারবিরোধী সহিংস বিক্ষোভ হচ্ছে। এরই মধ্যে এই নির্বাচন, যা নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোসহ লাতিন আমেরিকান শক্তিরা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে।
বিরোধীদের অভিযোগ, এই নির্বাচন সেনাবাহিনীর সমর্থন নিয়ে মাদুরোর ‘স্বৈরশাসন’ কায়েমের চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিতর্কিত এই নির্বাচনকে ‘ভাঁওতাবাজি’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি।